রূপপুরে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল দুই ইউনিট চলবে দেড় বছর
ads

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম চালান। গতকাল শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
নবম চালান পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির দু’টি ইউনিটের জন্য নির্ধারিত জ্বালানির নয়টি চালানের পরিবহন কার্যক্রমের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে। তবে দু’টি চালানে নির্ধারিত পরিমাণের তুলনায় মোট ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। অবশিষ্ট এসব অ্যাসেম্বলি অল্প দিনের মধ্যেই দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সেগুলো আসার পরই  রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি চালু হবে।
জ্বালানি ব্যবস্থাপনার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান (প্রশাসন) মো: গোলাম মাহবুব জানান, দু’টি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দু’টি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান অন্তর্ভুক্ত রয়েছে। তবে দুটি চালানে মোট ১২টি ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। অবশিষ্ট অ্যাসেম্বলিগুলো অতি শিগগিরই দেশে পৌঁছাবে বলে জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার কথা ছিল। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দু’টি কার্গো বিমানে আরো ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দু’টি ইউনিট। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। দু’টি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
এ দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানো হচ্ছে। এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প কর্মকর্তা জানান, অবশিষ্ট ইউরেনিয়াম পৌঁছানোর পর আগামী দেড় বছর বা আট মাস জ্বালানি আমদানি করা লাগবে না।  তবে মনে রাখতে হবে ইউরেনিয়াম একটি রিফিল প্রক্রিয়া। কোনো ত্রুটি না হলে আগামী ১৮ মাস আমদানিকৃত ইউরেনিয়াম দিয়েই চলবে দু’টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।