
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি।
তিনি বলেন, রাজনৈতিক দল আলাদা থাকবে, আদর্শ আলাদা থাকবে, সংসদে তর্ক-বিতর্ক হবে- এটাই গণতন্ত্র।
মন্ত্রী আরো বলেন, বায়তুল মোকাররম মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছিল। শাপলা চত্বরে রাতের অন্ধকারে মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আজো সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল।
মন্ত্রী বলেন, শাপলা চত্ব¡রে পতিত সরকারের যে হত্যাযজ্ঞ করেছে, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের প্রকাশিত কিতাবে ছবিসহ অনেকের পরিচয় উঠে এসেছে।
সীমান্তের ওপার থেকে অস্থিরতার পাঁয়তারা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পতিত শক্তি এখনো সীমান্তের ওপার থেকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। অডিও-ভিডিও বার্তায় আগুন লাগানোর নির্দেশ দেয়া হচ্ছে।
তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, আশুলিয়ায় শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করা হয়েছিল। সরকার মজুরি বোর্ড করে ন্যূনতম মজুরি ঘোষণা দিয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করেছেন।
তিনি আরো বলেন, কিন্তু দুষ্কৃতকারীরা এখনো শ্রমিকদের নাম ব্যবহার করে নৈরাজ্য চাইছে। যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, এমপিদের বাড়িঘর আর দোকানপাট জ্বালিয়েছে- তাদের আমরা চিহ্নিত করেছি। আমরা তা আইনি প্রক্রিয়ায় ধৈর্যের সাথে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করব।
তিনি বলেন, আমরা সবাই সমান নাগরিক। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি-সমতলের সব জাতিগোষ্ঠী মিলেই আমরা বাংলাদেশী। নাগরিক অধিকার সবার সমান। তিনি বলেন, কুরআন-হাদিস আর রাসূল সা:-এর জীবনাদর্শ অনুসরণ করেই চলতে হবে- এটাই প্রকৃত মুসলমানিত্ব। অন্য ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করবেন, এটা তাদের অধিকার।
মন্ত্রী ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী যেভাবে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছিল, সেরকম ঐক্য আবার আমরা গড়ে তুলব। সেই ঐক্যই আমাদের শক্তি। সেই শক্তি দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করব, শান্তি-শৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
মাদরাসার প্রতিষ্ঠাতা হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরসাহেবের সভাপতিত্বে বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









