পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’
ads

নয়া দিগন্ত ডেস্ক 

পৃথিবীর আকাশে এখন রয়েছে দ্বিতীয় একটি চাঁদ। তবে এটি স্থায়ী নয়। প্রায়  দুই মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে সাময়িকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত এটি পৃথিবীর কাছাকাছি থাকবে। এরপর পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব ছাড়িয়ে আবার সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরতে শুরু করবে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, গত এপ্রিল মাসে গ্রহাণুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে। এর ব্যাস প্রায় দুই মিটার বা ছয় ফুট। বস্তুটি এতটাই ছোট ও অনুজ্জ্বল যে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা উপগ্রহের ভাঙা অংশ কি না, তা নিশ্চিত হতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত অক্টোবরের শেষ দিকে গ্রহাণুটির নাম দেয় ২০২৬ কিউকিউ৮।
সংস্থাটি গ্রহাণু, ধূমকেতু ও সৌরজগতের অন্যান্য ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করে। তবে ‘মিনি মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়। এর আগে পৃথিবীর কক্ষপথে সাময়িকভাবে ঘুরে যাওয়া কয়েকটি প্রাকৃতিক বস্তুকে এ নামে অভিহিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর মধ্যে ২০০৬ আরএইচ১২০ প্রায় এক বছর এবং ২০২০ সিডি৩ প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে ছিল।
মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন বলেন, পৃথিবীর কাছে এ ধরনের ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর উপস্থিতি অস্বাভাবিক নয়। গড়ে যে কোনো সময় পৃথিবীর কাছে একটি মিনি মুন থাকতে পারে। কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস এগুলো পৃথিবীর আশপাশে অবস্থান করে। কোনো কোনো সময় একাধিক বস্তুও থাকতে পারে।