বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর ভালোবাসা রয়েছে
ads

আলমগীর কবির

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী  আতাউল্লাহ তারারের সাক্ষাৎকারের প্রথম অংশ গতকাল ছাপা হয়েছে। বাকি অংশ নিচে তুলে ধরা হলো: 
নয়া দিগন্ত : পাকিস্তানের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কীভাবে সম্পৃক্ত করছেন?
আতাউল্লাহ তারার : তরুণদের জন্য সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালে মেধাভিত্তিক বিভিন্ন কর্মসূচি চালু করেছিলেন। শিক্ষাক্ষেত্রে নিয়োগে মেধাভিত্তিক ব্যবস্থা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ দেয়ার কর্মসূচি নেয়া হয়। ২০১২ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানে ২০ লাখের বেশি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই ল্যাপটপ দেয়া হয়। 
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ ক্রোমবুক বিতরণের পাশাপাশি দুই বছর বিনামূল্যের ইন্টারনেট সুবিধাও দিতে হবে।
নয়া দিগন্ত : জাতীয় পরিচয়পত্র ও নাগরিক নিবন্ধনে প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতার বিষয়টি চোখে পড়েছে। প্রতিষ্ঠানগুলোকে আধুনিক করার ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা কী?
আতাউল্লাহ তারার : ন্যাশনাল ডেটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি বা নাদরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে প্রযুক্তিগত অগ্রগতি এবং মেধাভিত্তিক নিয়োগের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে, যিনি যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে দায়িত্ব পাওয়ার উপযুক্ত। সঠিক কাজের জন্য সঠিক মানুষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের মন্ত্রণালয়েও একই নীতি অনুসরণ করা হচ্ছে। দক্ষ তরুণদের নিয়ে এই বিভাগ পরিচালিত হচ্ছে। প্রযুক্তির ব্যবহার, যোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং রাজনৈতিক স্বজনপ্রীতি থেকে বেরিয়ে আসা একটি প্রতিষ্ঠানকে কার্যকর করতে সহায়তা করে।
নয়া দিগন্ত : সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা এখন বিশ্বজুড়ে বড় সমস্যা। পাকিস্তান সরকার কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে?
আতাউল্লাহ তারার : আমাদের তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হচ্ছে। প্রথমত, সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর সাথে কার্যকর সমন্বয়। দ্বিতীয়ত, তথ্য যাচাইয়ের ব্যবস্থা ও ফ্যাক্ট-চেকিং অ্যাকাউন্ট শক্তিশালী করা। তৃতীয়ত, ভুল তথ্য ছড়িয়ে পড়ার আগেই সরকারের পক্ষ থেকে দ্রুত সঠিক তথ্য তুলে ধরা। আমরা বিশ্বাস করি, শেষ পর্যন্ত সত্যের জয় হবে।
নয়া দিগন্ত : পাকিস্তানে সাইবার অপরাধ ও অপতথ্য নিয়ন্ত্রণে নতুন আইন করা হয়েছে। কিন্তু সাংবাদিকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ রয়েছে। 
আতাউল্লাহ তারার : সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে তথ্য প্রচারের ধরন আমূল বদলে গেছে। আগে সংবাদপত্রে একজন প্রতিবেদকের সংবাদ সম্পাদক, প্রধান প্রতিবেদক ও সম্পাদকের মতো বিভিন্ন স্তরের যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে প্রকাশিত হতো। টেলিভিশনেও সম্পাদকীয় বোর্ড, ব্যুরো প্রধান ও সংবাদ পরিচালকের মাধ্যমে তথ্য যাচাই করা হতো। এখন যার হাতে একটি মোবাইল ফোন আছে, তিনিই যেন সম্প্রচারক বা সাংবাদিক হয়ে উঠছেন।
পাকিস্তানে ২০১৬ সালে প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট প্রণয়ন করা হয়। ২০২৫ সালে আইনটি সংশোধন করা হয়েছে। ভুল তথ্য, অপতথ্য, নারী হয়রানি ও জাতীয় নিরাপত্তার পরিপন্থী কর্মকাণ্ড মোকাবেলায় এর আওতা বাড়ানো হয়েছে। পাশাপাশি ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি গঠন করা হয়েছে।
আইন প্রণয়নের ক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলোর সাথে আলোচনা করা হয়েছে। পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের দু’টি অংশ, অল পাকিস্তান নিউজপেপার্স সোসাইটি, কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরস, পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল প্রেস ক্লাবের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে। তাদের একটি উদ্বেগ ছিল, একই সংবাদ টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে যেন একজন সাংবাদিককে একই ঘটনায় দু’বার শাস্তির মুখোমুখি হতে না হয়। আমরা এই উদ্বেগ বিবেচনায় নিয়েছি।
আমাদের দেশে সাংবাদিক সুরক্ষা কমিশনও গঠন করা হয়েছে। এটি প্রায় তিন মাস আগে গঠিত হয়েছে। কমিশনের একজন চেয়ারম্যান ও সদস্য রয়েছেন। সাংবাদিকদের বিষয়ে মন্ত্রণালয় সবসময় গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করে। মত প্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, তবে আমাদের সংবিধানেও এ অধিকারের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এটি নিরঙ্কুশ অধিকার নয়। আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকুক, একই সাথে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যের সত্যতা নিশ্চিত হোক।
নয়া দিগন্ত : পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশে নানা ধরনের আলোচনা রয়েছে। অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও বিদেশ থেকে আসা নিরাপত্তা হুমকি সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
আতাউল্লাহ তারার : আলহামদুলিল্লাহ, পাকিস্তান একটি নিরাপদ ও সুরক্ষিত দেশ। তবে কিছু নির্দিষ্ট এলাকায় সন্ত্রাসবাদ রয়েছে। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করছে।
আপনি ইসলামাবাদে এসেছেন। এটি শান্তির শহর। এখানকার সৌন্দর্য ও পরিবেশ দেখেছেন। আমরা এখন দামান-ই-কোহে বসে আছি, যেখান থেকে পুরো ইসলামাবাদ শহর দেখা যায়। এখানে নিয়মিত বিদেশী প্রতিনিধিদল আসছে। বাংলাদেশী ভাই-বোনদের আমি পাকিস্তানে আসার আমন্ত্রণ জানাই। শুধু ইসলামাবাদ নয়, পাকিস্তানের উত্তরাঞ্চলও ঘুরে দেখুন। পরিবার নিয়ে আসুন। সেখানকার পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনকেন্দ্রগুলো উপভোগ করুন। পাকিস্তানের মানুষ বাংলাদেশের জনগণকে অত্যন্ত ভালোবাসে। 
নয়া দিগন্ত : আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে কী প্রয়োজন?
আতাউল্লাহ তারার : আফগানিস্তানের বিষয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট। আমরা নিজেদের ব্যয়ে প্রায় ৪০ বছর ধরে ৪০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছি। আফগানিস্তান আমাদের প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশ। কিন্তু আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানো গ্রহণযোগ্য নয়।
আমরা বারবার তাদের বলেছি, সন্ত্রাসীদের আশ্রয় দেয়া যাবে না। পাকিস্তানের আতিথেয়তা ও উদারতার প্রতিদান আমাদের দেশের মানুষের ওপর হামলার মাধ্যমে দেয়া হতে পারে না। আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো হলে আমরা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ও গোপন আস্তানায় পাল্টা আঘাত করেছি। আমাদের অবস্থান পরিষ্কার- পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেয়া যাবে না।
নয়া দিগন্ত : চীন ও যুক্তরাষ্ট্র-দুই বৃহৎ শক্তির সাথে সম্পর্ক বজায় রাখা অনেক দেশের জন্যই কূটনৈতিক চ্যালেঞ্জ। পাকিস্তান কীভাবে এই ভারসাম্য রক্ষা করছে?
আতাউল্লাহ তারার : প্রতিটি দেশের সাথে পাকিস্তানের সম্পর্কের নিজস্ব বৈশিষ্ট্য ও গতিশীলতা রয়েছে। একটি দেশের সাথে সম্পর্ক অন্য দেশের সাথে সম্পর্কের বিকল্প নয়। প্রতিটি সম্পর্ককে তার নিজস্ব গুরুত্ব ও বাস্তবতার ভিত্তিতে বিবেচনা করতে হয়। পাকিস্তান প্রতিটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। 
নয়া দিগন্ত : সাম্প্রতিক সময়ে ইরানের সাথে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র-ইরান সঙ্কট নিরসনে পাকিস্তানের ভূমিকা কী?
আতাউল্লাহ তারার : ইরান আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ। দেশটির সাথে আমাদের আস্থার সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ভিত্তিতেই আমরা ইসলামাবাদে আলোচনা আয়োজন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিতে পেরেছি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ক্ষেত্রেও পাকিস্তান ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ বিষয়ে সক্রিয় ছিলেন। ইসলামাবাদে যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে, তা শান্তি প্রতিষ্ঠায় আমাদের সদিচ্ছা ও প্রচেষ্টার প্রমাণ। 
মধ্যপ্রাচ্যের সঙ্কট নিয়েও আমাদের অবস্থান শান্তির পক্ষে। আমরা চাই পুরো অঞ্চল শান্তিপূর্ণ হোক। 
নয়া দিগন্ত : ভারতের সাথে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর পাকিস্তানের অবস্থান কী? ভারতের প্রতি আপনার বার্তা কী?
আতাউল্লাহ তারার : আলহামদুলিল্লাহ, পাকিস্তান যুদ্ধে জয়ী হয়েছে। ‘মারকা-ই-হক’ আমাদের জনগণের জন্য গর্বের মুহূর্ত। বিশ্ব দেখেছে ভারতের বিমান ভূপাতিত হয়েছে এবং কীভাবে ভারত যুদ্ধবিরতির দিকে এগিয়েছে। পাকিস্তান সামরিক ক্ষেত্রে ও যুদ্ধক্ষেত্রে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। এ নিয়ে পাকিস্তানের মানুষ গর্বিত।
ভারতের সমস্যা হলো, তারা তাদের অভ্যন্তরীণ সমস্যাকে আন্তর্জাতিক বিষয়ে রূপ দেয়ার চেষ্টা করে এবং আন্তর্জাতিক সমস্যাকে অভ্যন্তরীণ বিষয়ে পরিণত করতে চায়। কাশ্মির একটি আন্তর্জাতিক বিষয়। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মিরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। কাশ্মিরের মানুষ, বিশেষ করে কাশ্মিরের মুসলমানরা, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখেন। কাশ্মিরের সমস্যার সমাধান জাতিসঙ্ঘের প্রস্তাব অনুযায়ী হতে হবে।
অন্য দিকে সন্ত্রাসবাদ ভারতের অভ্যন্তরীণ সমস্যা। তারা সেটিকে পাকিস্তানের ওপর চাপিয়ে দিতে চায়। পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। সন্ত্রাসবাদের কারণে আমরা ৯০ হাজার মানুষের প্রাণ হারিয়েছি। 
পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেয়াল ও ঢাল হিসেবে কাজ করছে। অন্য দিকে কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিবেদনেও ভারতের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 
নয়া দিগন্ত : পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার ক্ষেত্রে আপনারা কীভাবে কাজ করতে চান?
আতাউল্লাহ তারার : প্রথমেই বাংলাদেশের জনগণের প্রতি পাকিস্তানের মানুষের পক্ষ থেকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে চাই। আমরা শুধু বাংলাদেশের মানুষকে সম্মান করি না, তাদের প্রতি আমাদের হৃদয়ে গভীর ভালোবাসা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের তরুণদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।
আমরা চাই এই সম্পর্ক সামনে এগিয়ে যাক। দুই দেশের মানুষের সমৃদ্ধির জন্য একসাথে কাজ করা উচিত। বাণিজ্য বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করতে হবে।
তথ্যমন্ত্রী হিসেবে সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নেয়া আমার দায়িত্বের অংশ। আমাদের অভিন্ন ঐতিহ্য, মূল্যবোধ ও সংস্কৃতির অনেক মিল রয়েছে। সঙ্গীত, নাটক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই সম্পর্ক আরো শক্তিশালী করা সম্ভব।
নয়া দিগন্ত : পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই সম্পর্ক কি ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্বে রূপ নিতে পারে?
আতাউল্লাহ তারার : পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারি। সাংস্কৃতিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো বিস্তৃত করতে পারি। ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা রয়েছে।
আপনাদের স্পিকার সম্প্রতি আমাদের সামরিক একাডেমি পরিদর্শন করেছেন। সেখানে বাংলাদেশের ক্যাডেটরা প্রশিক্ষণ নিচ্ছেন। এটি দুই দেশের সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে। আমাদের উচিত এসব সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, আগামী বছরগুলোতে বিভিন্ন খাতে বহুমুখী অগ্রগতি দেখা যাবে।
নয়া দিগন্ত : সবশেষে বাংলাদেশের জনগণের জন্য আপনার বার্তা কী?
আতাউল্লাহ তারার : বাংলাদেশের ভাই-বোনদের আমি আবারো পাকিস্তানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। পাকিস্তানের মানুষ আপনাদের ভালোবাসে। আপনারা এখানে আসুন, ইসলামাবাদ দেখুন, উত্তরাঞ্চলের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন। দুই দেশের মানুষের মধ্যে যে ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে, সেটিকে আরো এগিয়ে নিতে হবে।
আমাদের উচিত বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো। পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে আমরা একসাথে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারি। আমি চাই, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরো গভীর ও শক্তিশালী হোক।