সাজেক যাবে জুঁই
সাজেক যাবে জুঁই ।
ads


শফিকুল আলম টিটন

জুঁইয়ের মন খারাপ। কোনো কিছুতেই তার ভালো লাগে না। একবার এঘর, একবার ওঘর। বসে বসে ছোট্ট মাথার ভেতর একটা কথাই ঘুরপাক খাচ্ছে ওর। 
বাবা মা বসে গল্প করছিল। জুঁই চোখ বন্ধ করে ঘুমোনোর চেষ্টা করছে। রাতের খাবার শেষে বাবা কফি খেতে খেতে মাকে বলছে, শুনছ, সাজেকে পাহাড়ি সন্ত্রাসীরা খুব গণ্ডগোল করছে। উপস্থিত পর্যটক বিপাকে পড়ে গিয়েছিল। শেষমেশ দেশের সেনাবাহিনী আর পুলিশের সহযোগিতায় তিন হাজার পর্যটককে দীঘিনালা নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়েছে। 
খুব খারাপ লাগছে। তাহলে কি ভরাশীতে এবার সাজেক যাওয়া হবে না? মা শান্ত গলায় বলে। 
বলতে পারছি না। সেনাবাহিনী শক্ত হাতে মোকাবেলা করছে। ড্রোন দিয়ে ওদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছে। ওদের ঘাঁটিগুলোতে আক্রমণ করে অস্ত্র গোলা বারুদ আর মরণঘাতী মালামাল জব্দ করছে। 
মা এবার মুখ খুললেন, পর্যটকদের কোনো ক্ষতি হয়নি? 
না। তবে এই মুহূর্তে মেঘের রাজ্য সাজেক যাওয়ার পরিকল্পনা বাদ দেয়াই ভালো। 
হেমন্তের আকাশ সাজেকের পাহাড়গুলো ছুঁয়ে আছে। একেক সময় একেকরূপে মেঘের ভেলা খেলা করছে আকাশের বুকে। দেখতেও ভালো লাগে। 
ঠিক বলেছ। বাবা সায় দেয়। জুঁই খুব জেদ ধরে বসে আছে, এবার শীতেও মেঘের দেশ সাজেকে যাবে ? 
ও বাচ্চা মানুষ। পরিস্থিতি শান্ত না হলে বিপদে পড়তে হবে। 
ঠিক বলেছ। মা জানায়। 
জুঁই কথাগুলো শুনতে শুনতে ঘুমের কোলে ঢলে পড়ে। 
বিশাল বড় বড় পাহাড়। পাহাড় কেটে লোকালয় তৈরি হয়েছে। পাহাড়িরা সেখানে বসবাস করে। ওদের প্রধান উপার্জন আসে পর্যটক এলে। 
জুঁই পাহাড়ের বুকে হেঁটে বেড়াচ্ছে। অসংখ্য গাছপালা আর পাহাড়ি পথ ধরে অনেকটা পথ ওপরে উঠে এলো। আচমকা নিচের দিকে তাকাতেই ভয়ে শিউরে ওঠে ও। এতটাই ওপরে উঠে এসেছে ও, খাদের দিকে তাকানোর পর মায়ের হাত চেপে ধরে। পেছন পেছন উঠে এলো বাবা। উপরে উঠতে উঠতে জুঁইকে বলে বাবা, মাগো এটা তো একটা পাহাড় ! এরকম শত শত পাহাড় আছে। যেখানে গেলে তুমি ভয় পেয়ে যাবে আর কান্না করবে। যদি তুমি সাহসী হও, তাহলে পাহাড় থেকে পাহাড়ে তুমি হেঁটে বেড়াতে পারবে। অনাবিল আনন্দে তুমি আর বাড়ি ফিরে যেতে চাইবে না। 
বাবা আমি তো বড় হয়ে গেছি। দেখনা কেমন মায়ের হাত ধরে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। জুঁই বেশ সাহসিকতার সাথেই বলে। 
জুঁইয়ের কথা শুনে সমস্বরে হেসে উঠলেন বাবা, মা। 
আরো কিছুদূর উপরে উঠতেই সমতল ভূমি খুঁজে পেল ওরা। জুঁই মিষ্টি হাসি হেসে বলে, মা দেখো মেঘ আমার থেকে কত্ত কাছে। একেবারেই মেঘের কাছাকাছি চলে এসেছি। হাত বাড়ালেই যেন আকাশটাকে ছুঁতে পারি। 
একদম না। 
একটু দূরে তাকাতেই দেখে পাহাড়ি মেয়েরা বাঁশ আর কাঠ দিয়ে কত্ত কিছু তৈরি করে সাজিয়ে রেখেছে। গ্লাস, মগ, চায়ের কাপ আরো কত কি ? 
বাবা ঈষৎ হেসে মা কে বলে, তুমি জুঁইকে নিয়ে ওগুলো দেখো ততক্ষণে আমি এক কাপ কফি খেয়ে আসি। 
আচ্ছা। বলেই জুঁইয়ের হাত ধরে পাহাড়ি মেয়েদের কাছে এগিয়ে গেল। নানারকম হাতের তৈরি পণ্যের পসরা সাজিয়ে দোকান দিয়ে বসেছে। 
মা আর জুঁই এটা ওটা দেখছে ঘেঁটেঘুটে। 
জুঁই খুব সুন্দর মগ পছন্দ করতেই পাহাড়ি দোকানি মগের ওপর সুন্দর করে নামের ডিজাইন করে দিলো। তাই দেখে ভীষণ খুশি জুঁই। মা দুই সেট চায়ের কাপ বেছে নেয়। পাহাড়ি মেয়েরা খুব সুন্দর মনের মানুষ ! গালগপ্পো করতে করতে কখন যে সন্ধ্যে ঘনিয়ে এলো টের পায়নি। বাবা পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সব তো হলো। এবার সূর্য ডোবা দেখে রিসোর্টে উঠতে হবে। 
পাহাড়ি মেয়ে এক গাল হেসে বলে, আমার রিসোর্ট আছে। থাকতে পারবেন। একরাত এক হাজার টাকা দিয়েন। সূর্য ডোবা, সূর্য ওঠা রিসোর্ট থেকে পরিষ্কার দেখতে পারবেন। 
তড়িঘড়ি দোকানি দোকান বন্ধ করে জুঁইকে কোলে তুলে নিল। রিসোর্টে ওঠার জন্যে পাহাড়ি মেয়ের পেছন হাঁটতে লাগলো বাবা আর মা। বেশ এক কিলো পাহাড়ি পথ মাড়িয়ে চমৎকার এক রিসোর্টের সামনে এসে দাঁড়ায়। 
জুঁইয়ের দিকে তাকিয়ে পাহাড়ি মেয়ে বলে দেখো মা, ও যে সূর্য ডুবে যাচ্ছে। কথা শুনে তিনজনই পাহাড়ের পশ্চিম দিকে তাকায়। মুগ্ধতায় ভরে গেল জুঁইয়ের মন। 
বাবা দেখো কত সুন্দর লাগছে দেখো। 
হ্যাঁ মা। খুব সুন্দর। রাতের খাবার খেয়ে বেশ আমুদে মেজাজেই ঘুমিয়ে পড়ে জুঁই। 
অনেক ধাক্কাধাক্কিতে জুঁই টের পায়, কেউ ওকে ডাকছে। 
জুঁই ওঠ মা, সকাল হয়ে গেছে। উঠে পড়। তোমার নাস্তা তৈরি হয়ে গেছে।  জুঁই চোখ মেলতেই দেখে নিজের বিছানায় শুয়ে আছে। শান্ত গলায় বলে, 
মা আমি সূর্য ওঠা দেখব! 
আমাকে ডেকে দিলে না কেনো ভোরে। 
এক গাল হেসে মা বলে, তুমি সাজেককে ভুলতে পারোনি মা। সাজেকের সব সমস্যার সমাধান হয়ে গেছে। পাহাড়ি সন্ত্রাসীরা ধরা পড়ে গেছে। সেনাবাহিনীর পূর্ণ দখলে এখন সাজেক। পর্যটকরা আবার সাজেকের উদ্দেশে যাওয়া শুরু করেছে। এবার আমরা যাবো!  তাই মা !! জুঁই বলে। তুমি অনেক ভালো মা আমার। সোনা মা। মাকে জড়িয়ে ধরে আলতো করে চুমু খায় মায়ের গালে। মা আনন্দে জড়িয়ে ধরে জুঁইকে।