বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক
ads

বগুড়া অফিস

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। গতকাল নগর ভবনে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
নিহত গালিবের মা ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। ১৯ নভেম্বর রাতে সন্ত্রাসী হামলায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। 
সন্তানকে হারিয়ে পরিবারটির চরম শোক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছে। এমন পরিস্থিতিতে নিহত গালিবের পরিবারের আর্থিক সহায়তা ও মায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বগুড়া সিটি করপোরেশন এ উদ্যোগ গ্রহণ করে।
এ সময় সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি করপোরেশন থাকবে। এ সময় উপস্থিত ছিলেন  বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, বগুড়া সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান।