
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শিক্ষাজীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। দীর্ঘদিনের শিক্ষাজীবন শেষে এ আয়োজন শিক্ষার্থীদের কাছে পরম আনন্দ ও আবেগের উদযাপন। অনেকেই এই আনন্দ ভাগাভাগি করে নিতে স্ত্রী-সন্তান কিংবা মা-বাবাকে সাথে নিয়ে সমাবর্তনে অংশ নেন। আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও অতিরিক্ত রেজিস্ট্রেশন ফির কারণে তাদের আগ্রহ অনেকটাই কমে গেছে।
সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে সাড়ে চার হাজার টাকা। অথচ ২০২০-২১ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীকে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে, তাদের অনেকেই এখনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। বেশির ভাগই পরিবার বা অভিভাবকের ওপর নির্ভরশীল। এ অবস্থায় এককালীন এত টাকা পরিশোধ করা তাদের জন্য খুবই কষ্টসাধ্য। অন্যদিকে, সদ্য স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা অনেক শিক্ষার্থী এখনো কর্মজীবনে ঢোকার সুযোগ পাননি। ফলে তাদের পক্ষেও এত বেশি ফি দিয়ে রেজিস্ট্রেশন করা কঠিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি পুনর্বিবেচনা করে সহনীয় পর্যায়ে কমিয়ে আনা হোক, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী এই আনন্দঘন আয়োজন থেকে বঞ্চিত না হন।
মো: ইমরান
শিক্ষার্থী, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









