ইস্তাম্বুলে বিশ্ব হালাল সম্মেলন ও এক্সপো শুরু
ads

 আনাদোলু
বিশ্বজুড়ে হালাল শিল্পের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে ১২তম ওয়ার্ল্ড হালাল সামিট এবং ওআইসি হালাল এক্সপো। বুধবার ইস্তাম্বুল এক্সপো সেন্টারে আন্তর্জাতিক এই আয়োজনের পর্দা ওঠে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এবং দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা সমবেত হয়েছেন। ঘোষিত সূচি অনুযায়ী, হালাল এক্সপো শনিবার পর্যন্ত এবং ওয়ার্ল্ড হালাল সামিট শুক্রবার পর্যন্ত চলবে।
তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের আসরে মোট ২২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে তুরস্কের অভ্যন্তরীণ ১৫৩টি এবং বিদেশী ৭২টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া ১১টি জাতীয় প্যাভিলিয়ন এবং ১৪টি দেশের স্বতন্ত্র অংশগ্রহণকারীসহ প্রদর্শনীতে মোট ২৫টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে। ‘টেকসই হালাল অর্থনীতি : অপচয় রোধ, প্রবৃদ্ধি শক্তিশালীকরণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওমের বোলাতসহ শীর্ষ কর্মকর্তারা। সম্মেলনের বিভিন্ন প্যানেল আলোচনা ও সভায় বৈশ্বিক বাণিজ্যে হালাল খাতের ভূমিকা, আন্তর্জাতিক মানদণ্ড, সনদ প্রদান ও স্বীকৃতি প্রক্রিয়া, টেকসই উৎপাদন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে হালাল খাদ্য, প্রসাধন সামগ্রী, ওষুধ, পর্যটন, অর্থায়ন, টেক্সটাইল এবং মার্জিত পোশাক (মোডেস্ট ফ্যাশন) খাতের উৎপাদক, ক্রেতা, বিনিয়োগকারী ও পরিবেশকরা অংশ নিয়েছেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব ব্র্যান্ডের পণ্যসহ প্রাকৃতিক, জৈব ও ভেষজ পণ্যের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। গত বছর একই স্থানে আয়োজিত প্রদর্শনীতে প্রায় ৫০টি দেশের প্রায় ৫০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। সে সময় বিশ্বের প্রায় ১১০টি দেশ থেকে ৫০ হাজারের বেশি দর্শনার্থী এতে উপস্থিত হন, যার মধ্যে এক হাজার আন্তর্জাতিক ক্রেতা এবং ৯ হাজারের বেশি বিদেশী প্রতিনিধি ছিলেন।