
ইউরোপীয় ইউনিয়ন তাদের পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদারে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে। এ জন্য দ্রুত প্রতিক্রিয়া বাহিনী গঠন, ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা জোরদার ও কঠোর ভিসা নীতি কার্যকরের পরিকল্পনা নেয়া হয়েছে। গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য তুলে ধরেন।
ইউরোপীয় পার্লামেন্টে অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক ইউরোপীয় কমিশনার ম্যাগনাস ব্রুনার বক্তব্য দেন। তিনি জানান, অভিবাসনকে অস্ত্র হিসেবে ব্যবহার, ড্রোন নজরদারি, সাইবার হামলা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।
তিনি আরো জানান, ফিনল্যান্ড থেকে বুলগেরিয়া পর্যন্ত ইউরোপের সীমান্তরক্ষীদের সাথে ফ্রনটেক্সের ছয় শতাধিক কর্মকর্তা বর্তমানে কাজ করছেন। সদস্য দেশগুলোর অনুরোধের ভিত্তিতে প্রস্তাবিত দ্রুত প্রতিক্রিয়া বাহিনীকে যেকোনো সময় মোতায়েন করা যাবে।
ড্রোন হুমকি প্রসঙ্গে ব্রুনার বলেন, ‘ড্রোন পুরো ইউরোপের জন্যই একটি সমস্যা এবং এটি মোকাবেলায় যৌথ পদক্ষেপ প্রয়োজন।’ তিনি জানান, শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন একটি ড্রোন প্রতিরোধবিষয়ক উৎকর্ষ কেন্দ্র চালু করবে এবং বাল্টিক অঞ্চলে বড় আকারের ড্রোন মহড়ার আয়োজন করা হবে। সীমান্ত নজরদারি ও ড্রোন প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য ইতোমধ্যে প্রায় ৫০ কোটি ইউরো বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া কৃষ্ণসাগরে বুলগেরিয়া ও রোমানিয়ার একটি সামুদ্রিক নিরাপত্তা হাব তৈরির গতি বাড়াতে পাঁচ কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে।
এ দিকে রুশ ভিসা আবেদনকারীদের জন্য অতিরিক্ত নথিপত্র জমা দেয়ার বাধ্যবাধকতা রেখে সোমবার নিজেদের নির্দেশিকা হালনাগাদ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রুনার বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়া ব্যক্তিদের ইউরোপে কোনো স্থান নেই।’ রুশ যোদ্ধাদের শনাক্ত করতে এবং তাদের ওপর বিধিনিষেধ আরোপে সদস্য দেশগুলোকে আরো আইনি ও প্রাতিষ্ঠানিক সুযোগ দেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









