সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার অনুপ্রবেশ
ads

সিএনএন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দফতরে (ওডিএনআই) সাইবার হামলা চালানো হয়েছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র সিএনএনকে জানিয়েছে, হামলায় সংস্থা দু’টির অতিগোপনীয় নয়, এমন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সূত্রে জানা গেছে, উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করে গোয়েন্দা বিশ্লেষণের কাজে সংস্থা দু’টি যে কম্পিউটার-ব্যবস্থা ব্যবহার করে, মূলত সেটিতে হানা দিয়েছে অনুপ্রবেশকারীরা। কী পরিমাণ তথ্য বেহাত হয়েছে, তার পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা জোর দিয়ে দাবি করেছেন, অতিগোপনীয় কোনো তথ্যের ক্ষতি হয়নি। ওডিএনআইয়ের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, তাদের গুরুত্বপূর্ণ সক্ষমতা বা অতিগোপনীয় ব্যবস্থায় কোনো বিঘœ ঘটেনি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ।
প্রাথমিক আলামত দেখে দু’টি সূত্র জানিয়েছে, এই সাইবার হামলার উৎস চীন হতে পারে। তবে এর পেছনে চীনা সরকারের সরাসরি সম্পৃক্ততা আছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাটি কখন ঘটেছে বা এর সমাধান হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি। সিআইএসহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম তদারক করে ওডিএনআই। সাম্প্রতিক বছরগুলোতে উন্মুক্ত উৎস থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহে বড় বিনিয়োগ করেছে সংস্থাটি, যার বড় অংশই সাধারণত অতিগোপনীয় তালিকার বাইরে থাকে। এই সাইবার হামলার খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতে একের পর এক সাইবার নিরাপত্তা লঙ্ঘন ও প্রযুক্তিগত বিপর্যয়ের সর্বশেষ ঘটনা এটি। দু’টি সূত্রের মতে, সিআইএ ও ওডিএনআইয়ের এই হামলার সাথে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) অপরাধ তথ্যভাণ্ডারে (ক্রিমিনাল ইনফরমেশন ডাটাবেজ) সাম্প্রতিক সাইবার হামলার কোনো যোগসূত্র নেই বলেই মনে হচ্ছে। এফবিআইয়ের ওই হামলার খবর গত শুক্রবার প্রথম প্রকাশ করে সিএনএন। সাম্প্রতিক সময়ে একের পর এক সাইবার হামলার পাশাপাশি হ্যাকিংয়ের সাথে সম্পর্কহীন বেশ কিছু বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখেও পড়েছে যুক্তরাষ্ট্র। এসব বিপর্যয়ে ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়ে। দৈনন্দিন জীবনের ভিত্তি হিসেবে কাজ করা প্রযুক্তির ওপর মার্কিনদের আস্থায় এতে বড় ধাক্কা লেগেছে।
চলতি মাসের শুরুর দিকে বড় কারিগরি ত্রুটির কারণে সারা দেশে সব বিমান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়, যার ফলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল করতে হয়েছিল। পরে এফএএ তদন্ত করে জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি মাত্র রাউটারের ত্রুটি থেকেই ওই বিপত্তি ঘটে। এ ছাড়া আলাদা এক ঘটনায় মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয় দেখা দেয়ায় বিশ্বজুড়ে অসংখ্য মানুষ কর্মক্ষেত্রের নিত্যপ্রয়োজনীয় মাধ্যম ‘আউটলুক’ ই-মেইল অ্যাকাউন্ট এবং ‘টিমস’ মিটিংয়ে প্রবেশ করতে পারেননি। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় রেখেছে তিনটি ঘটনা- গোয়েন্দা সংস্থা এনএসএতে সেবা বিপর্যয় এবং এফবিআই ও সিআইএতে সাইবার অনুপ্রবেশ। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এনএসএ যে অতিগোপনীয় নেটওয়ার্ক ব্যবহার করে, গত সপ্তাহে সেটি কয়েক দিন ধরে অচল ছিল বলে প্রথম জানায় সিএনএন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) জে ক্লেটন বলেছেন, কোনো সাইবার হামলা নয়; বরং সফটওয়্যার হালনাগাদে ত্রুটির কারণে ওই বিপর্যয় ঘটেছে।