
রয়টার্স
কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা চারটি প্রদেশের তেলক্ষেত্রগুলো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে আনার নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি। ভারী অস্ত্রে সজ্জিত ইরানপন্থী একটি মিলিশিয়া গোষ্ঠীকে দমনের চেষ্টার পর নেয়া এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সাথে বাগদাদের সম্পর্ককে আরো তিক্ত করে তুলতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ কুর্দিরা কেন্দ্রের এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।
গত মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষিত প্রধানমন্ত্রী জায়েদির এই আদেশের আওতায় দিয়ালা, কিরকুক, সালাহউদ্দিন এবং নিনেভেহ প্রদেশের তেলক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে। উত্তরাঞ্চলীয় তেল ও গ্যাস ক্ষেত্রগুলো পরিচালনাকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ অয়েল কোম্পানিতে চোরাচালানের তদন্তের পর এই আদেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, জায়েদির এই নির্দেশনার মূল ভিত্তি হলো- ‘জাতীয় সার্বভৌমত্ব অবিভাজ্য এবং ইরাকের সম্পদ রক্ষা করা এক অস্তিত্বের লড়াই, যেখানে রাষ্ট্র সব ধরনের চোরাচালানের অবসান ঘটাবে।’
কয়েক দশক ধরে নিজেদের বিষয়গুলো সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনার কুর্দি প্রচেষ্টাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে জায়েদি তুরস্ক, ইরান ও সিরিয়া সীমান্তবর্তী কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত ক্রসিং অধিগ্রহণের জন্য সীমান্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি কুর্দিস্তান আঞ্চলিক সরকারেরকে (কেআরজি) কেবল কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়ের মাধ্যমেই অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানির অনুমোদন দেয়ার নির্দেশও দিয়েছেন।
এ দিকে জায়েদি সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের প্রধানকে অপসারণ করেছেন এবং অধিকতর তদন্তের স্বার্থে নর্থ অয়েল কোম্পানির মহাপরিচালক ও তার উপ-পরিচালকদের সাময়িক বরখাস্ত করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি রযটার্সকে জানিয়েছেন, কুর্দি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা প্রধান তেলক্ষেত্র খোরমালাও এই আদেশের আওতায় পড়েছে বলে মনে হচ্ছে। বাগদাদের সাথে অতীতের উত্তেজনার কথা উল্লেখ করে তাদের একজন বলেন, কেন্দ্রীয় তেল মন্ত্রণালয় খোরমালা ক্ষেত্রটির ব্যবস্থাপনা অধিগ্রহণের কোনো পদক্ষেপ নিলে কুর্দি কর্তৃপক্ষ সম্ভবত তা প্রতিরোধ করবে।
কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি তেল ও সীমান্ত ক্রসিংগুলোর ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বাগদাদ সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছেন, এটি বিভ্রান্তিকর এবং ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। বারজানি বলেন, ‘বিভিন্ন ধরনের পরস্পরবিরোধী বার্তা দেয়া হয়েছে। আমরা যেসব প্রতিনিধি দলের সাথে দেখা করেছি, তারা আমাদের ভিন্ন বার্তা দিয়েছিলেন, যেখানে সংবিধানের ভিত্তিতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ইঙ্গিত ছিল।’
রয়টার্সের সাথে কথা বলা সাধারণ কুর্দিদের কেউ কেউ জায়েদির এই অভিযান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অবসরপ্রাপ্ত কুর্দি যোদ্ধা সালিহ সিন্দি বলেন, ‘এর মধ্যে ইতিবাচক কিছুই নেই। তেলের কূপগুলো দখল করতে এবং সীমান্ত ক্রসিং ও বিমানবন্দরগুলোর নিয়ন্ত্রণ নিতে কুর্দিস্তানে সেনাবাহিনী পাঠানোর অজুহাত তৈরি করছে ইরাক।’
মঙ্গলবার ঘোষিত এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন প্রধানমন্ত্রী জায়েদি ইরাকে তেহরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি মিলিশিয়া গোষ্ঠী ‘কাতাইব হিজবুল্লাহ’ এবং শীর্ষ তেল উৎপাদনকারী এই দেশটি থেকে চুরি করা তেল পাচারের মাধ্যমে শত শত কোটি ডলার হাতিয়ে নেয়া একটি দীর্ঘস্থায়ী চক্রের সাথে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছেন। এই পদক্ষেপ তেল, অর্থ, ভূখণ্ড এবং বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বাগদাদ এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) মধ্যকার দীর্ঘ দিনের বিরোধকে ফের উসকে দিয়েছে।
চোরাচালানবিরোধী এই অভিযান এবং তেলক্ষেত্রগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টার ফলে ধনকুবের ব্যবসায়ী প্রধানমন্ত্রী জায়েদি (৪১) এমন দু’টি অত্যন্ত শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত গোষ্ঠীর সাথে সরাসরি সঙ্ঘাতের পথে নেমেছেন, যারা দশকের পর দশক ধরে বাগদাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে অমান্য করে আসছে। এই দু’টি গোষ্ঠী হল ইরান-সমর্থিত মিলিশিয়ারা এবং কুর্দি নেতারা। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে সাদ্দাম হোসেনের পতনের পর জাতিগত ও সাম্প্রদায়িক গৃহযুদ্ধের অস্থির দশকগুলোতে যেসব সংগঠন বিপুল ক্ষমতাবান হয়ে উঠেছিল, সরকারের এই দু’টি পদক্ষেপ তাদের গুরুত্বপূর্ণ স্বার্থেও আঘাত হেনেছে। জায়েদির পূর্বসূরিদের একজন যখন ইরানপন্থী মিলিশিয়াদের দমনের চেষ্টা করেছিলেন, তখন তার বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছিল, যাকে কর্মকর্তারা হত্যাচেষ্টা বলে অভিহিত করেছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









