অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে যুবকের আত্মহত্যা
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে যুবকের আত্মহত্যা। প্রতীকী ছবি
ads

নোয়াখালীর বেগমগঞ্জে মোবাইলফোনে অনলাইন জুয়ায় জড়িয়ে সর্বস্বান্ত হয়ে রিয়াদ (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

অনলাইন জুয়া নিয়ে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, জুয়া ও কেসিনো ক্যান্সার থেকেও ভয়ঙ্কর রুপ নিয়েছে। এই অপকর্ম বন্ধ করতে না পারলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।

এর আগে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মিরওয়ারিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ওই গ্রামের উকিল বাড়ির মরহুম শাহা আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ দীর্ঘদিন ধরে স্মার্টফোনে বিভিন্ন অনলাইন জুয়া ও 
ক্যাসিনো অ্যাপে আসক্ত ছিলেন। জুয়ায় বিপুল পরিমাণ অর্থ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন। গতকাল সকালে তিনি তার মায়ের কাছে ২০ হাজার টাকা চেয়েছিলেন। না দেয়ায় রাতে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

শুধু বেগমগঞ্জ নয়; নোয়াখালী জেলাজুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার জাল। নোয়াখালী সদর, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়াসহ পুরো জেলায় মোবাইলফোনে অনলাইন জুয়া ও ক্যাসিনোর দৌরাত্ম্য  আশঙ্কাজনক হারে বেড়েছে। বিভিন্ন চক্রের মাধ্যমে এই জুয়া পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সহজ আয়ের প্রলোভনে পড়ে একটি শ্রেণির মানুষ লাখ লাখ টাকা হারাচ্ছেন। বিশেষ করে কিশোর ও যুবকদের মধ্যে এই আসক্তি মারাত্মক আকার ধারণ করেছে। অর্থ হারিয়ে অনেকেই চুরি, ছিনতাই ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। যা এলাকায় সামাজিক অস্থিরতা তৈরি করছে।

লেনদেন ও আইনি প্রেক্ষাপট অনুসন্ধানে জানা গেছে, জুয়ার বাজি ধরা ও অর্থ লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম) ও অ্যাজেন্ট পয়েন্টগুলো ব্যবহার করা হচ্ছে। যদিও ডিজিটাল মাধ্যমে জুয়া বা বাজি খেলা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ, তবুও ভিপিএন, নকল ওয়েবসাইট ও বিদেশী সার্ভার ব্যবহারের কারণে অনেক ক্ষেত্রেই চক্রগুলোকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

সমাজে সচেতন মহল ও শিক্ষাবিদদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক নজরদারি ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এক্ষেত্রে করণীয় হিসেবে যে বিষয়গুলো সামনে আসছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পারিবারিক নজরদারি। সন্তানরা বা পরিবারের সদস্যদের ফোনের ব্যবহার, হঠাৎ আর্থিক লেনদেন বা মানসিক পরিবর্তনের দিকে খেয়াল রাখা উচিত।

স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত অনলাইন জুয়ার এই নেটওয়ার্ক ভেঙ্গে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ‘এই জুয়া, কেসিনো ক্যান্সার থেকেও ভয়ঙ্কর রুপ নিয়েছে। এই অপকর্মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোহান উদ্দিন বলেন, ‘আমাদের যুবসমাজকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।’