
আলজাজিরার বিশ্লেষণ
গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও গণহত্যার নিন্দা না করায় গত তিন বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করে আসছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। তবে সম্প্রতি ইসরাইলের সাথে সম্পর্ক নিয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছেন দলটির নেতা রাহুল গান্ধী। তিনি ইসরাইলের গাজা অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে নিন্দা করলেও দেশটির সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন। তার ভাষায়, ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে, বিশেষ করে সশস্ত্রবাহিনীর জন্য উন্নত অস্ত্র কেনার ক্ষেত্রে।
বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর এই বক্তব্য ভারত-ইসরাইল সম্পর্কের গভীর বাস্তবতাকেই তুলে ধরেছে। মোদি সরকারের আমলে এই সম্পর্ক দৃশ্যমানভাবে বিস্তৃত হলেও এর ভিত্তি বহু পুরনো। ফলে ভারতে সরকার পরিবর্তন হলেও দুই দেশের কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
অস্ত্র কেনাবেচা, নজরদারি প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা ও নিরাপত্তাব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত ক্রমেই ইসরাইলের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নিজস্ব নিয়ম শিথিল করে ইসরাইলি ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে বলে এক অনুসন্ধানে জানিয়েছে অলাভজনক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন।
এর আগে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ফোনে নজরদারি চালানো হয়েছিল। প্রতিরক্ষা খাতেও দুই দেশের সহযোগিতা ব্যাপক। ২০১৪ সাল থেকে ইসরাইলের অস্ত্র রফতানির প্রায় ৩৭ শতাংশের গন্তব্য ভারত। দেশটির শীর্ষ ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ ইসরাইলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সাথে যৌথভাবে হায়দরাবাদে ড্রোন তৈরি করছে। এ ছাড়া ইসরাইলের গাদোট গ্রুপের সাথে যৌথভাবে ২০২৩ সালে হাইফা বন্দর কিনেছে আদানি গ্রুপ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত ৩০ জুলাই প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরাইলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের দুই হাজার ৫৯৬টি চালান পাঠিয়েছে। এসব প্রতিষ্ঠানের তিনটি সম্পূর্ণভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন।
বিশ্লেষকদের মতে, ইসরাইলের অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের প্রধান আকর্ষণ শুধু উন্নত প্রযুক্তি নয়; বরং দেশটি অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তুলনামূলকভাবে কোনো শর্ত আরোপ করে না। পশ্চিমা দেশগুলোর মতো প্রযুক্তি ব্যবহারে বিধিনিষেধও দেয় না। এমনকি রুশ প্রযুক্তিনির্ভর ভারতের সামরিক সরঞ্জামের সাথে ইসরাইলি প্রযুক্তির সমন্বয় করতেও দেশটি আগ্রহী।
তবে এই সম্পর্কের সূচনা মোদি সরকারের আমলে নয়। ১৯৬২ সালে চীনের সাথে যুদ্ধের সময় গোপনে ভারতকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছিল ইসরাইল। ১৯৬৫ ও ১৯৭১ সালেও পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতকে সামরিক সহায়তা দেয় দেশটি। ১৯৯২ সালে কংগ্রেস সরকারের আমলেই দুই দেশের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যৌথভাবে তৈরির চুক্তির মধ্য দিয়ে সহযোগিতা নতুন মাত্রা পায়।
২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর সম্পর্কের ধরনে বড় পরিবর্তন আসে। আগে গোপনে অস্ত্র কেনা ও কূটনৈতিক যোগাযোগ সীমিত রাখা হলেও পরে সহযোগিতা প্রকাশ্য রূপ নেয়। ২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করেন। তবে এই ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনাও রয়েছে। এই সম্পর্ক কি আদর্শের কারণে গড়ে উঠেছে, নাকি নিছক প্রয়োজনে? এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে। গবেষক আজাদ এসা বলেন, এখানে আদর্শ ও কৌশলকে আলাদা করা যায় না। তার কথায়, ‘এই সম্পর্ক একই সাথে আদর্শিক ও কৌশলগত। দুটি দেশই নিজেদের সভ্যতাভিত্তিক রাষ্ট্র হিসেবে তুলে ধরে, যারা অস্তিত্বের সঙ্কটে রয়েছে- আর এই ধারণার কেন্দ্রে প্রায়ই থাকে মুসলিমদের দ্বারা ঘেরাও হওয়ার চিন্তা। এর বড় একটি ভিত্তি হলো হিন্দুত্ববাদ ও জায়নবাদের মধ্যকার ঘনিষ্ঠতা।’ হিন্দুত্ববাদ হলো বিজেপি এবং এর মূল আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদী মতাদর্শ। সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে রূপ দেয়াই আরএসএসের লক্ষ্য।
বিশ্লেষকদের একাংশের মতে, বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের সাথে ইসরাইলের জায়নবাদী রাজনীতির আদর্শিক সাদৃশ্য দুই দেশের সম্পর্ককে আরো জোরালো করেছে। অন্যদের মতে, এটি মূলত ভারতের নিরাপত্তা ও সামরিক প্রয়োজননির্ভর একটি বাস্তববাদী অংশীদারত্ব। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সময় ভারতীয় অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ না দেয়া এবং ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ নিয়ন্ত্রণের ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তন হলেও প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ইসরাইলের সাথে ভারতের ঘনিষ্ঠতা সহজে কমার সম্ভাবনা নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









