
লিমন হেমরম
গাছের আবার হাঁটা কিভাবে সম্ভব? শিকড় মাটির গভীরে, কাণ্ড স্থির- এটিই তো আমাদের চেনা প্রকৃতি। অথচ পৃথিবীতে এমন এক গাছ রয়েছে, যার নামের সাথে জড়িয়ে আছে হাঁটার গল্প। গাছটির নাম ওয়াকিং পাম (Walking Palm)। বৈজ্ঞানিক নাম Socratea exorrhiza। মধ্য আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবনে জন্ম নেয়া এই গাছ প্রকৃতিপ্রেমী ও গবেষকদের দীর্ঘদিন ধরে আকৃষ্ট করে আসছে। ওয়াকিং পামের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর শিকড়। সাধারণ গাছের মতো মাটির নিচে ছড়িয়ে থাকার পরিবর্তে এর কাণ্ডের গোড়া থেকে অসংখ্য খুঁটির মতো শিকড় বের হয়ে মাটিতে প্রবেশ করে। উদ্ভিদবিজ্ঞানে এগুলোকে স্টিল্ট রুট (Stilt Root) বলা হয়। এসব শিকড় দেখতে অনেকটা গাছের পায়ের মতো। গাছটি সাধারণত পাঁচ থেকে ২০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড তুলনামূলক সরু। আর মাথায় থাকে বড় বড় পালকের মতো পাতা। শিকড়গুলো কাণ্ডকে একটি বিশেষ কাঠামোগত ভিত্তি দেয়। প্রচলিত একটি গল্প অনুযায়ী, ওয়াকিং পাম সূর্যের আলোর সন্ধানে ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। কোনো এক পাশে শিকড় নষ্ট হলে অন্য পাশে নতুন শিকড় গজায়। এরপর পুরনো শিকড়ের ওপর নির্ভরতা কমিয়ে নতুন শিকড়ের সাহায্যে গাছটি সামনের দিকে এগিয়ে যায়। এভাবেই নাকি গাছটি আলো খুঁজে বেড়ায়। এই ধারণা থেকেই এর নাম হয়েছে ওয়াকিং পাম। তবে এটি মূলত প্রচলিত বিশ্বাস। কিছু পর্যবেক্ষকের মতে, এটি প্রতিদিন কয়েক সেন্টিমিটার পর্যন্ত এগিয়ে যেতে সক্ষম। গাছটির হাঁটার ধারণা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। ২০০৭ সালে Revista de Biología Tropical সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দু’টি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ৮০টি ওয়াকিং পাম পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় দেখা যায়, এর বিশেষ শিকড় গাছকে তুলনামূলক সরু কাণ্ড নিয়েও লম্বা হতে এবং যান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করতে পারে। অন্য দিকে ২০০৫ সালের একটি গবেষণায় উদ্ভিদবিজ্ঞানী গেরার্ডো অ্যাভালোস গাছটির হাঁটার ধারণাকে প্রচলিত মিথ হিসেবে চিহ্নিত করেন। অর্থাৎ, গাছটির সত্যিকার অর্থে এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যাওয়ার নির্ভরযোগ্য প্রমাণ নেই। ওয়াকিং পামের ফুল থেকে ফলও জন্মায়। এর ফল পরিপক্ব হলে হলুদাভ রঙ ধারণ করে। ফলের মাধ্যমে বীজ ছড়িয়ে নতুন গাছের জন্ম হয়। এর শিকড়ের ব্যতিক্রমী গঠন গ্রীষ্মমণ্ডলীয় বনের পরিবেশে টিকে থাকার একটি বিশেষ অভিযোজন। বিশেষ করে দ্রুত উচ্চতা অর্জন এবং বনের ঘন ছায়ার মধ্যে আলোর নাগাল পাওয়ার ক্ষেত্রে এই গঠন সহায়ক হয়। ওয়াকিং পাম হয়তো মানুষের মতো হাঁটে না; কিন্তু তার অদ্ভুত শিকড়, ব্যতিক্রমী গঠন এবং ঘিরে থাকা রহস্য প্রকৃতির বিস্ময়কর বৈচিত্র্যকে নতুনভাবে চিনতে শেখায়।
লেখক : শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









