
ইসমাঈল হোসেন
মানুষের জীবনে সবচেয়ে আপন আশ্রয়ের নাম বাড়ি, যেখানে শৈশবের স্মৃতি, বাবা-মায়ের স্নেহ, ভাইবোনের ভালোবাসা আর মায়ের হাতের রান্নার ঘ্রাণ মিশে থাকে প্রতিটি কোণে। অথচ জীবনের প্রয়োজনে একসময় সেই চেনা আশ্রয় ছেড়ে দূরে পাড়ি জমাতে হয়। বলছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মানুষের কথা, যারা বছরের পর বছর কাটিয়ে দেন বাড়ির বাইরে। কেউ উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে, কেউবা জীবিকার তাগিদে দূরে থাকেন আপনজনদের কাছ থেকে। ব্যস্ততার মাঝে তারা বঞ্চিত হন বাবা-মায়ের আদর, মায়ের হাতের রান্না আর পরিবারের সাথে কাটানো ছোট ছোট আনন্দময় মুহূর্তগুলো থেকে।
বিভিন্ন ছুটি কিংবা উৎসবে যখন বাড়ি ফেরা হয়, তখন মনে হয় যেন ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া পৃথিবী। মায়ের হাতের রান্না, বাবার সাথে গল্প, ভাইবোনের খুনসুটি- সবকিছুই নতুন করে ভালো লাগে। কিন্তু এই আনন্দের স্থায়িত্ব খুব বেশি নয়। কয়েক দিন পরেই আবার ব্যাগ গোছাতে হয়, বিদায় নিতে হয় প্রিয় মানুষগুলোর কাছ থেকে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, যে বাড়িতে একসময় শৈশব কেটেছে, যে ঘরের প্রতিটি কোণে জড়িয়ে আছে হাজারো স্মৃতি, সময়ের পরিক্রমায় সেই বাড়িতেই থাকতে হয় অতিথির মতো। নিজের ঘরে ফিরেও মনে হয়, যেন কয়েক দিনের জন্য বেড়াতে এসেছেন।
জীবনের প্রয়োজনে মানুষ স্বপ্নের পেছনে ছুটে চলে, দায়িত্বের বোঝা কাঁধে নেয়। কিন্তু ব্যস্ততার আড়ালে মন পড়ে থাকে সেই চেনা বাড়িতেই। একটি ফোন, মায়ের কণ্ঠ কিংবা বাবার সামান্য খোঁজখবর মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যায় স্মৃতির উঠোনে।
সত্যিই, জীবনের এক অদ্ভুত বাস্তবতা- যে বাড়িতে জন্ম, যে বাড়িতে বেড়ে ওঠা, সময়ের পরিক্রমায় একদিন সেই বাড়িতেই মানুষ মেহমান হয়ে যায়!
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









