সমতায় ফিরল ইংল্যান্ড
ads

ক্রীড়া ডেস্ক
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০তে হেরে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচেই গতকাল দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংলিশরা। অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্টের বিধ্বংসী ইনিংসে পাত্তাই পায়নি স্বাগতিকরা। ৪১ বল হাতে রেখে মিচেল মার্শদের আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে হ্যারি ব্রুকের দল। 
গোল্ড কোস্টের ক্যারারা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এক পর্যায়ে ৮৪ রানে পাঁচ উইকেট হারায় তারা। এরপর নিকোলাস চৌধুরীর ৪৫ ও জোয়েল ডেভিসের ৩৯ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। শেষ দিকে বেন ডোয়ারসিস মাত্র চার বলে তিন ছক্কায় ১৮ রান করেন। তাতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৮৪ রান সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। দুই উইকেট নেন স্যাম কারান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার সল্ট ও ডোনাল্ড। মাত্র ৬১ বলে ১৫১ রানের জুটি গড়েন তারা। ডোনাল্ড মাত্র ৩২ বলে ৮৫ রান করে সাজঘরে ফেরেন। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা ও চারটি চার। সল্ট ৩০ বলে করেন ৫৮ রান। এই দু’জন সাজঘরে ফিরলেও টম ব্যান্টনের আট বলে অপরাজিত ২৬ রানের ঝোড়ো ইনিংসে মাত্র ১৩.১ ওভারেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। ম্যাচসেরা হন ডোনাল্ড। ব্রিসবেনে ২৭ নভেম্বর হবে সিরিজের তৃতীয় টি-২০।