
ক্রীড়া প্রতিবেদক
এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশ নারী ফুটবল লিগের দল। জানানো হয়নি লিগ শুরুর তারিখও। বাফুফে সূত্র মতে, ডিসেম্বরের মাঝামাঝিতে মাঠে গড়াবে এই লিগ। এ দিকে এই লিগে অংশ নেয়ার জন্য আবেদন করেছিল ২০ ক্লাব। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় চার ক্লাব আগেই বাদ পড়ে। বাকি ১৬ দলের মধ্যে একটি নাম প্রত্যাহার করে নেয়। ফলে এখন ১৫ দল আছে বাফুফের চূড়ান্ত অনুমতির অপেক্ষায়। এবারের লিগে চমক নিয়ে আসছে দুই নতুন ক্লাব। তারা জাতীয় দলের তারকা ফুটবলারদের নিয়ে চ্যাম্পিয়নশিপ ফাইটিংয়ের দল গড়তে যাচ্ছে। এই দুই ক্লাব হলো- চাঁদপুর স্পোর্টিং ক্লাব ও এআরকে স্পোর্টিং ক্লাব। এই দুই দলের দাপটে গত নারী লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস কোণঠাসা। তারা তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে হারিয়েছে এই দুই ক্লাবের কারণে।
বিশ্বস্ত সূত্র মতে, চাঁদপুর স্পোর্টিং ক্লাব দলে টানতে যাচ্ছে জাতীয় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা, ডিফেন্ডার শিউলী আজিম, স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার, সাগরিকা, মিডফিল্ডার মুনকী আক্তার ও উমেহেলা মারমাকে।
কোচ পিটার বাটলারের সাথে বিবাদে জড়িয়ে জাতীয় দল থেকে বাদ পড়া সাবিনা খাতুন, মাছুরা পারভীন, নিলুফার ইয়াসমিন নীলা, সুমাইয়া মাতসুসিমা খেলবেন এআরকে ক্লাবে। মণিকা চাকমা, মারিয়া মাণ্ডা, ছোট শামসুন্নাহার, বড় শামসুন্নাহার এবং তহুরা খাতুনরাও যাচ্ছেন এআরকে স্পোর্টিং ক্লাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর নামেই এই এআরকে ক্লাব। শেষ পর্যন্ত এই নামে খেলার অনুমতি পেলেই লিগে অভিষেক হবে এই ক্লাবের।
তারকা খেলোয়াড়দের হারিয়ে রাজশাহী এখন তাদের গতবারের চার তারকা ফুটবলারকের ধরে রেখেছে। তারা হলেন- গোলরক্ষক রুপনা চাকমা, ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তি, মিডফিল্ডার স্বপ্না রানী ও শাহেদা আক্তার রিপাকে। এ ছাড়া তাদের দলে খেলবেন গোলরক্ষক হিমি ও সূরধ্বনিরা।
বাংলাদেশ সেনাবাহিনীও বেশ শক্তিশালী দলে পরিণত হয়েছে। চাকরি সূত্রে তাদের দলে আছেন- উন্নতি খাতুন, আলপি আক্তার, মিলি আক্তার, পুজা দাস, হালিমা নওশন জাহান , শান্তি মার্ডিসহ অন্যরা।
গত বছর সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলা নাসরিন স্পোর্টিং ক্লাব এবার মাঝারি মানের দলই গড়তে যাচ্ছে।
গতবারের মতো এবারো দুই বিদেশী খেলতে পারবেন এক দলে। গত বছর নেপালী ফুটবলারদেরই উপস্থিতি ছিল। এবারো তাদের কদর বেশি। বিমলা বিকে, দীপা শাহীদের নিতে কয়েক ক্লাবের দৌড়াদৌড়ি শুরু।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









