রানার্স আপ হয়ে সেমিতে ‘এ’ দল
ads

ক্রীড়া প্রতিবেদক 
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ‘এ’ দল। এশিয়া কাপ রাইজিং স্টার্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে সাইফ হাসানের দল। বড় এই পরাজয়ের পরও অবশ্য ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়েই সেমি ফাইনালে উঠেছে টাইগাররা। আগামী শুক্রবার একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। 
দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কান স্পিনারদের তোপে ৪২.৫ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নিশান মাদুশকার ফিফটিতে মাত্র ২১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখল লঙ্কানরা।
এদিকে, আসরের বাকি অংশের জন্য বাংলাদেশ ‘এ’ দলে তিনটি পরিবর্তন এসেছে। আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পাওয়ায় দল ছাড়ছেন পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী। তাদের জায়গায় দলে নেয়া হয়েছে মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। এ ছাড়া গ্রেড-টু সাইড স্ট্রেইন চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে দলে যোগ দিচ্ছেন এস এম মেহেরব।