
ক্রীড়া প্রতিবেদক
পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল। গতকাল ফেডারেশন কাপের এই ম্যাচ দিয়েই বাংলাদেশের ফুটবলের প্রধান এই ভেনুতে ফিরল ঘরোয়া ফুটবল। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ম্যাচ হয়েছিল এই স্টেডিয়ামে। গত বছরের জুন থেকেই এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়ে আসছে। গতকাল ঘরোয়া ফুটবলেও আবার যাত্রা শুরু। তবে এ নিয়ে কোনো বিশেষ আয়োজন ছিল না। আর মিডিয়া বক্সেও অব্যবস্থাপনা। এর পরও ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির এই ম্যাচটিতে ৩ গোলের দু’টিই ছিল দর্শনীয়। এর ফলে ফেডারেশন কাপে প্রথম জয়ের দেখা পেল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা ফর্টিস। তাদের ৩-০ গোলে জয় ছিল রহমতগঞ্জের বিপক্ষে। কাল এই আসরের অপর দুই ম্যাচে ঢাকা আবাহনী ২-০ গোলে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে এবং চট্টগ্রাম সিটি এফসি ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটে রহমতগঞ্জ লিড নিতে পারেনি কপাল মন্দ হওয়ায়। পারভেজ ইমনের কর্নার থেকে নেপালি অভিষেক লিম্বুর হেড ক্রস বারে প্রতিহত হয়। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে এই কর্নার থেকে এগিয়ে যায় ফর্টিস। কর্নার থেকে আসা বল বক্সে ক্লিয়ার হয়ে গিয়ে পড়ে বক্সের বাইরে। সেই চলন্ত বলেই বাম পায়ের ভলি নেন নেপালের এরিখ বিস্তা। দর্শনীয় এই ভলি রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফকে ঠাঁয় দাঁড়িয়ে রেখে আশ্রয় নেয় জালে।
৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ। এবার ফর্টিসের গাম্বিয়ান অধিনায়ক পা ওমর বাবাউয়ের বাম পায়ের ফ্রি-কিক সব চেষ্টা ব্যর্থ করে দেয় পুরান ঢাকার ক্লাবটির গোলরক্ষকের। তাকে প্রথম পোস্টেই পরাস্ত করেন পা ওমর। ৬৩ মিনিটে রহমতগঞ্জ গোল পায়নি কুশাল দেউবার শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে। এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে দুই গোল করা ফর্টিসের রাফায়েল টুডু ৭২ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। গোলরক্ষককে একা পেয়েও বল মারেন বার উঁচিয়ে। ইনজুরি টাইমের ৯৭ মিনিটে ফর্টিস তৃতীয় গোল পায় স্টিফেন চুকুদের গোলে।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুই বাংলাদেশী ফুটবলার আল আমিন ও শেখ মোরসালিনের গোলে জয় আবাহনীর। ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধ শেষে ৫১ মিনিটে শেখ মোরসালিন ও ৮৭ মিনিটে আল আমিন গোল করেন। ফেডারেশন কাপে আবাহনীরও প্রথম জয় এটি।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ৮৮ মিনিটে জাফর ইকবালের গোলে চট্টগ্রাম সিটি এফসি ১-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









