নিহত হওয়ার গুজবে বিক্ষোভের পর থানায় হাজির নারী শ্রমিক
গাছা থানায় হাজির হয়ে নিজের সুস্থতার কথা জানান ভুক্তভোগী পোশাক শ্রমিক মোছা: দিলরুবা আক্তার মিলি। নয়া দিগন্ত
ads

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় এক গর্ভবতী নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার গুজবে কারখানার সামনে বিক্ষোভ হয়েছে। পরে, ওই নারী শ্রমিক নিজেই থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাছা থানা এলাকার ডেগেরচালায় ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সামনে পোশাক শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতি শেষে শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় ঢুকছিলেন। এ সময় কিছু বহিরাগত যুবক তাদের বাধা দেয়। ধাক্কাধাক্কির সময় কারখানাটির সুইং অপারেটর মোছা: দিলরুবা আক্তার মিলি সামান্য আঘাত পান। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন।

ঘটনার বর্ণনা দিয়ে দিলরুবা আক্তার বলেন, ‘লাঞ্চ শেষে অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত ছেলে আমাদের ওপর হামলা করে। আমি গর্ভবতী জানার পরও তারা আমাকে ছাড়েনি। লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি আমার আইডি কার্ডটিও ছিনিয়ে নেয়।’

মৃত্যুর গুজব প্রসঙ্গে দিলরুবা বলেন, ‘এখন অনেকেই ছড়াচ্ছে আমি মারা গেছি, এটি সম্পূর্ণ ভুয়া খবর। আল্লাহর রহমতে আমি এখন মোটামুটি সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না। আমাদের কারখানা বা অন্য কোনো কারখানার শ্রমিক এ হামলায় জড়িত ছিলেন না।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই নারী শ্রমিক কারখানার কর্মকর্তাদের সাথে গাছা থানায় এসে নিজের সুস্থতা বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনার বিস্তারিত জানিয়েছেন। এ বিষয়ে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।