
গাজীপুর মহানগর প্রতিনিধি
তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গতকালও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিক পক্ষ। এমন খবরে ‘মজুরি বোর্ডের কালক্ষেপণ ও সিদ্ধান্তহীনতার’ জেরে ন্যূনতম মজুরি ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন মঙ্গলবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সকাল থেকে গাজীপুর মহানগরী, সদর উপজেলা, কালিয়াকৈর ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। কয়েকটি স্থানে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। শ্রমিক অসন্তোষের মুখে মঙ্গলবার অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া মঙ্গলবার নতুন করে তিনটিসহ ৪৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
গতকাল সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ী, বাঘের বাজারের নতুন বাজার ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে মহানগরীর কোনাবাড়ী, জরুন, মাস্টারবাড়ী, নাওজোর, ইটাহাটা ও সফিপুরসহ কালিয়াকৈরর বিভিন্ন এলাকাতেও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরে মহানগরীর বিভিন্ন এলাকার শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা ও ভোগড়া চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ ও ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।
কোনাবাড়ীতে শ্রমিক মৃত্যুর গুজব : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ইসলাম গার্মেন্টের এক নারী শ্রমিক মারা গেছেন- এমন খবর ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে আঞ্চলিক সড়কে অবস্থান নেন। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে ইসলাম গার্মেন্টসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
তবে শ্রমিক নিহত হওয়ার খবরটি গুজব বলে জানিয়েছেন কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন। এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সংশ্লিষ্ট নারী শ্রমিককে নিজের আহত হওয়ার ঘটনার বর্ণনা দিতে দেখা গেছে। ভিডিওতে তিনি জানান, প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে বহিরাগতদের হামলার শিকার হন। কর্মস্থলে যেতে চাওয়ার ‘অপরাধে’ এ সময় কয়েকজন তাকে মারধর করেন। পরে মোবাইল ফোনে খবর পেয়ে ইসলাম গার্মেন্টের প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে কোনাবাড়ীর একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করান এবং বাসায় পৌঁছে দেন।
ভিডিও বক্তব্যে ওই নারী বলেন, তিনি এখন কিছুটা সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার কর্মস্থলে ফিরতে চান। একই সাথে তার চিকিৎসা ও খোঁজখবর নেয়ায় কারখানা কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কোনাবাড়ি থানার ওসি ইফতেখার হোসেন জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
গাজীপুরায় পুলিশ বক্সে আগুন : টঙ্গীর গাজীপুরা এলাকায় দুপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি পুলিশ বক্সের ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেন। একই সময়ে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।
স্থানীয়দের ভাষ্য, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় মণ্ডল গ্রুপের একটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। পরে দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষের কারণে বেলা ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ দক্ষিণ) উপকমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বিক্ষোভ চলতে থাকলে দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে এবং বেলা ২টা নাগাদ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসে।
ভবানীপুর-মেম্বারবাড়ী ও বাঘের বাজারে মহাসড়ক অবরোধ : সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও মেম্বারবাড়ী এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টার অবরোধে যাত্রী ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়েন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো: আশিকুজ্জামান জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে বাঘের বাজার এলাকার সিলিকন, মণ্ডল গ্রুপসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভবানীপুরের দিকে অগ্রসর হন। এতে মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় বাঘের বাজারে আনসার ব্যাটালিয়নের দু’টি রিজার্ভ দল পাঠানো হয়। পরে বাঘের বাজার ও মাওনা এলাকায় আনসারের দু’টি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরেও বিক্ষোভ : ভোগড়া বাইপাস এলাকায় এশিয়ান হাইওয়েতে সিমেন্টের ব্লক ফেলে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকরা। অন্য দিকে নাওজোড় ও ইটাহাটা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই সময়ে কে এম ফ্যাশনসহ আশপাশের কয়েকটি কারখানার ৭০০ থেকে ৮০০ শ্রমিক গাজীপুর চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে সালনার দিকে অগ্রসর হন।
এ দিকে নগরীর জরুন এলাকায় আগের দিন এক শ্রমিক আহত হওয়ার খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে গতকাল সকালে একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সাথে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মাস্টারবাড়ী এলাকাতেও শ্রমিকরা একই দাবিতে সড়কে নামলে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ছাড়া টঙ্গীর সাতাইশ, দেওড়া, মুদাফা ও ভাদামসহ বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কাশিমপুর ও শ্রীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরাও আন্দোলনে অংশ নেন। এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।
৫০টির বেশি কারখানায় ছুটি, বন্ধ ৪৬টি : শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে গাজীপুরের শিল্পাঞ্চলে কারখানা বন্ধের সংখ্যা বেড়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার উদ্ভূত পরিস্থিতিতে ৫০টির বেশি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নতুন করে আরো তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।
এর আগে বাঘের বাজার এলাকায় ১১টি এবং কোনাবাড়ী এলাকায় ১২টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণার তথ্য পাওয়া যায়। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তী সময়ে ছুটির সংখ্যা আরো বেড়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









