হাসিনা বাংলাদেশ ও ভারত সম্পর্ককে ফাঁদে ফেলেছে
হাসিনা বাংলাদেশ ও ভারত সম্পর্ককে ফাঁদে ফেলেছে।
ads

নয়া দিগন্ত ডেস্ক

দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক ও ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন ভারতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অবিশ্বাসের ফাঁদে ফেলে দিয়েছে এবং হাসিনা দেখাতে চাইছেন যে তাকে ছাড়া বাংলাদেশ ও ভারত সম্পর্ক কখনো এগিয়ে যেতে পারে না। সাংবাদিক কনক সরওয়ারের সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক ও শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণকালে শ্রীরাধা দত্ত বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ ও ভারতের ডেসটিনি এক সাথে কাজ করে। কিন্তু হাসিনা যেভাবে ন্যারেটিভটা অন্য দিকে নিয়ে গেছে তাতে এ মুহূর্তে দু’টি দেশের মধ্যে কোনো সংলাপও সম্ভব নয়। আপাতত দু’দিকেই উত্তেজনা বিরাজ করছে। কিন্তু ডায়লাগ মেকানিজম ছাড়া দু’দেশের সম্পর্ক সুন্দর হওয়ার কোনো জায়গা নেই। 
শ্রীরাধা মনে করেন, ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে না, যা সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু হাসিনা যদি দেশে ফিরতে চান তাহলে শতভাগ নিশ্চিত যে উনি জানেন দেশে কিভাবে ফিরতে হয়। পেট্রাপল, বেনাপল, ত্রিপুরা বা মেঘালয় যেকোনো সীমান্ত অতিক্রম করে হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। ভারত সরকার প্রয়োজনে সমর্থন করবে। হাসিনার ইনটেনশন থাকলে ব্যবস্থা করে দেয়া হবে কিন্তু সেটা পয়েন্ট না। হাসিনা চাচ্ছেন তাকে নিয়ে হইচই হোক। লন্ডন, সিঙ্গাপুর, ইউএসএ, ভারতসহ বিভিন্ন দেশে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী ও বাংলাদেশে তার দলের নেতাকর্মীদের চাঙ্গা ও রিঅর্গানাইজ করতে চাচ্ছেন হাসিনা। উনি বুঝাতে চাচ্ছেন আওয়ামী লীগের লিডারশিপ এখনো খুব অ্যাক্টিভ, দলের নেতাকর্মীদের একটা রাস্তা দেখাতে চাচ্ছেন তিনি। 
শ্রীরাধা বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, শেখ হাসিনা এটাই চান যে দু’টি দেশের সম্পর্ক যাতে ভালো না হয়। উনি থাকলেই সম্পর্ক ভালো হবে। দিল্লি ও ঢাকা পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়নে ব্যর্থ হচ্ছে বলে হাসিনাই জয়ী হচ্ছেন। ২৪-এর পর বাংলাদেশ আটকে নেই। নিজের মতো করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পনেরো বছর হাসিনার শাসনামলে ঢাকার সাথে দিল্লির সম্পর্ক সীমাবদ্ধ না রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, গত ৫০ বছরে দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা হারালে চলবে না। 
দক্ষিণ এশিয়াবিষয়ক ভারতীয় এই গবেষক মনে করেন বাংলাদেশের কোনো সরকার ভারতের সাথে ভালো কাজ করুক হাসিনা তা চান না। দুই দেশের নেতারাও হাসিনার সেই ফাঁদে পা রেখেছেন। দু’টি দেশের ভবিষ্যৎ দুই দেশের নেতাদেরকেই দেখতে হবে। তাদের নিজস্ব ধারণা ও বিকল্প পথে আগাতে হবে। ভারতের চাল, পেঁয়াজ, ডাল ছাড়াও বাংলাদেশ পরিস্থিতি ম্যানেজ করতে পারছে। ভারতের ওপর অর্থনৈতিক নির্ভরতা ছাড়াও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভারতীয় ভিসা আটকে গেলে পশ্চিমবাংলায় হোটেল, হাসপাতাল ফাঁকা হয়ে গিয়েছিল। নিউ মার্কেট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রিস্কুল স্ট্রিট বাংলাদেশের ট্যুরিজমেই তৈরি হয়েছিল। ভারতের ব্যবসায়ীরা ডিপলি অ্যাফেক্টেড হয়েছিল। 
ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার ঘোষণা সম্পর্কে শ্রীরাধা দত্ত বলেন, দেশে ফেরার হলে উনি এমনিতেই চলে যেতেন। উনি ইন্টারন্যাশনাল মিডিয়ায় ইন্টারভিউ দিচ্ছেন। ম্যাসেজটা হচ্ছে দলের নেতাকর্মীদের যে এইতো আমি আসছি। ভারত সরকার চাইলে ওনার একটার পর একটা ইন্টারভিউ দেয়া বন্ধ করতে পারত। বন্ধ করা উচিত ছিল। ভারতে বসে ওনার রাজনৈতিক বিবৃতি দেয়া উচিত ছিল না। এগুলো বন্ধ হওয়া উচিত। এ কারণে বাংলাদেশে ভায়োল্যান্স হচ্ছে। এটাকে কী করে কেউ সাপোর্ট দিতে পারে। হাসিনার রেপুটেশন ও ক্রেডিবিলিটি তলিয়ে যাচ্ছে। মানুষের মেমোরিতে ভারতে বসে হাসিনা কী করেছেন, ভারত সরকার কী করেছে তা রয়ে যাবে। ভবিষ্যতে ডেফিনেটলি একটা নেগেটিভ ইমপ্যাক্ট হয়ে থাকছে। যারা আওয়ামী লীগ করে তাদের কি সন্ত্রাসই কামনা, বুঝতে পারছি না। 
শ্রীরাধা দত্ত ‘সাউথ এশিয়া ইয়ুথ মেজোরিটি ন্যাশন’ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের কথা ভেবেই ভারতকে কাজ করতে হবে কি ইমপ্রেশন তাদের দেয়া হচ্ছে। গত এক মাসে হাসিনার ঘোষণার পর বাংলাদেশে যা হচ্ছে তা সাপোর্ট করার জায়গা দেখি না। ভারতের সাপোর্ট না থাকলে তাহলে কি শেখ হাসিনা এগুলো করতে পারতেন? আওয়ামী লীগ, মুজিবুর রহমান, হাসিনার সাথে ভারতের অনেক পুরনো সম্পর্ক হলেও লেন্স অব পলিটিক্যাল সাইন্সে বর্তমান পরিস্থিতি অনুধাবনের গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সমাজ দ্বিধাবিভক্ত। বাংলাদেশের অনেক বড় আইডেনটিটি গ্রো করেছে। সাউথ এশিয়ান আইডেনটিটি দিয়ে বাংলাদেশকে আটকে রাখা যাবে না। জাপান, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছে। ঢাকাকে যতটা দিল্লির দরকার, দিল্লিরও ঢাকাকে ততটা দরকার। হাসিনা দিল্লিকে দেখাতে চাচ্ছে দেখুন আমি না থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো হয় না। আমরা ওই ট্রাপেই আটকা পড়ে আছি। বাংলাদেশও এগোচ্ছে না। ভারতও এগোচ্ছে না। ফলে রিজিওনাল ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে না। বিমসটেকসহ বাকি কাজগুলো আগাচ্ছে না। সামবডি হ্যাস টু টেক দি স্টেপ। 
তবে শ্রীরাধা মনে করেন দুটো দেশের মধ্যেই এখন এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। ডিসেম্বর মাস পার হয়ে গেলে সংলাপের সুযোগ খুঁজতে হবে উভয় দেশকেই। এমন পরিস্থিতির জন্য তিনি হাসিনাকে দায়ী করে বলেন, উনি অন্য কোনো দেশে চলে গেলে সম্পর্কটা নরমালাইজ হয়ে যেত। হাসিনা ভারতে থেকে যা যা করছেন তাতে সম্পর্কটা তলিয়ে যাচ্ছে। উনি যখন আসেন তখন ভেবেছিলাম ট্রানজিটে এসেছেন। সরকারও তাই ভেবেছিল। উনি অন্য দেশে যেতেও চাচ্ছেন না। হাসিনা ভারতে নিরাপদ বোধ করেন। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারকে সমর্থন না করার বিষয়টি জানিয়ে তিনি বলেন টিআরপি বাড়াতে মিডিয়া যা করার তা করছে। ইগনোরেন্স থেকে এগুলো হচ্ছে। এখন দু’টি দেশের মধ্যে গঙ্গা চুক্তি হওয়ার অবকাশ নেই। কোনো গ্রাউন্ড ওয়ার্ক দেখছি না। দ্বিপক্ষীয় কোনো আলোচনা হলো না। তারপরও বলছি, হাইট্রেন্ড একটা সিচুয়েশন হয়ে আছে, এটা আলোচনার জন্যও সঠিক পরিবেশ নয়। তবে সেনসিটিভ একটা ডিপ্লোমেটিক জায়গা যেন ছিন্ন হয়ে না যায়।