শনিবার থেকে ৩ দফায় ৫৫ দলের সাথে ইসির সংলাপ
ads

বিশেষ সংবাদদাতা

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে এ সংলাপ। টানা তিন দিনে দেশের নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করবে কমিশন। স্থানীয় সরকার নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায়, সে বিষয়ে দলগুলোর মতামত ও পরামর্শ নেবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। 
তিনি বলেন, আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ হয়েছিল, তাদের সবাইকে এবার আমন্ত্রণ জানানো হচ্ছে। এর বাইরে সম্প্রতি নিবন্ধন পাওয়া নতুন চারটি রাজনৈতিক দলও সংলাপে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অবস্থান, প্রত্যাশা ও প্রস্তাবনা জানতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে নির্বাচনি পরিবেশ, ভোটের গ্রহণযোগ্যতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন পরিচালনায় সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে দলগুলোর সাথে আলোচনা করতে চায় কমিশন।
এ দিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম পর্যায় হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাঁচ ধাপের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ইউপি নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের চার হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে এক হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোটগ্রহণ ২৭ মে অনুষ্ঠিত হবে।
ইউপি নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু হলেও কমিশনের পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানেও নির্বাচন সম্পন্ন করার। ফলে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ব্যস্ত সময় পার করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে আসন্ন সংলাপকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইউপি নির্বাচনের প্রস্তুতি বুধবারের মধ্যে ভোটকেন্দ্র এবং ভোটার সংখ্যার তথ্য চাইল ইসি : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে প্রস্তুতির গতি বাড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনে ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার হিসাব চূড়ান্ত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে কমিশন। বুধবারের (২৫ নভেম্বর) মধ্যে পাঁচ ধাপের জেলাভিত্তিক এসব তথ্য পাঠাতে বলা হয়েছে। মূলত নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও ব্যবস্থাপনার আগাম পরিকল্পনা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো: রশিদ মিয়ার সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সামগ্রী সুষ্ঠু ও পরিকল্পিতভাবে বিতরণের জন্য পাঁচ ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ এবং ভোটার সংখ্যার সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। এ জন্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে হবে।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী সরঞ্জাম সরবরাহ থেকে শুরু করে মাঠপর্যায়ের সার্বিক ব্যবস্থাপনা নির্ধারণে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোন জেলায় কতটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ থাকবে এবং কতসংখ্যক ভোটারের জন্য নির্বাচনী উপকরণ প্রস্তুত করতে হবে, তা নির্ধারণেও এ তথ্য ব্যবহার করা হবে।