গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত দুই নারী পোশাক শ্রমিক ঢামেকে ভর্তি
গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত দুই নারী পোশাক শ্রমিক ঢামেকে ভর্তি। ফাইল ছবি
ads

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের শেলের আঘাতে দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুরের গাছা থানাধীন ছয়দানা এলাকায় পৃথক দুটি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শিরিনা আক্তার (২৯) ও শিরিনা বেগম (৪০)।

আহত শিরিনারি পেটের বাম পাশে এবং শিরিনার মুখের ডান পাশের চোয়ালে সাউন্ড গ্রেনেডের শেলের আঘাত লাগে।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য নেয়া  হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বর্তমানে দুজনই হাসপাতালের জরুরি বিভাগের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪০ বছর বয়সী শিরিনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান। তিনি জানান, গাজীপুরে পুলিশের সাউন্ড গ্রেনেডের শেলের আঘাতে দুই নারী আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে আসেন জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন শিরিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক।