
নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী। বিদায়ী ফুলেল শুভেচ্ছা প্রদানকালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ দিকে অস্ট্রেলিয়ার পর মালয়েশিয়ায় এক দিনের সফর করার কথা থাকলেও সেটি স্থগিত করেছেন বিরোধীদলীয় নেতা।
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষ করে দেশের পথে রওনা হলাম। প্রবাসী ভাইবোনদের আন্তরিকতায় আমি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন। বাংলাদেশকে তারা গভীর আন্তরিকতায় ধারণ করেন। বাংলাদেশকে নিয়ে তারা স্বপ্ন দেখেন। বাংলাদেশের জন্য তারা অবদান রাখতে চান। বাংলাদেশেরও দায়িত্ব হলো তাদের এবং সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশীদের প্রাপ্য সম্মান দেয়া।
মালয়েশিয়া সফর প্রসঙ্গে জামায়াত আমির লেখেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করলাম। ইনশা আল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাইবোনদের সাথে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
গত ২০ নভেম্বর রাতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছানোর পর ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকেলে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠান এবং ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।
পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক বৃহত্তর আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত আরেকটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেন এবং দেশের উন্নয়নে তাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
জামায়াত আমিরের সফর সঙ্গীরা জানিয়েছেন, জামায়াত আমিরের সফরকালে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশী প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
প্রতিটি অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও ভালোবাসা সফরটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সাথে সরাসরি মতবিনিময়, তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।
বিরোধীদলীয় নেতার সফরকালে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা: এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









