তিন বাহিনীর যৌথ মহড়া বাংলাদেশের সক্ষমতা তুলে ধরবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন : পিআইডি।
ads

 বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গতকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্রবাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত।’ তিনি বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সাথে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরো সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতিও আরো কার্যকর হবে।
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী নিজেই সামরিক যান চালালেন : গতকাল প্রধানমন্ত্রী নিজেই সাঁজোয়া যান চালান বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেনু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত এটিভি ভিহিকল মডেল (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) এর সেনা যান চালিয়ে আসেন। প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করে দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় ধানের ক্ষেতের পাশ দিয়ে কাদামাটির আঁকাবাঁকা পথে গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা গেছে। গাড়িতে প্রধানমন্ত্রীর সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছিলেন বলে জানান তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহণকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্রবাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা দিগন্ত বিস্তৃত ‘স্বর্ণদ্বীপ’ (ভূতপূর্ব জাহাজ্জার চর)। 
নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত। এই দ্বীপটি প্রথম থেকেই দেশের স্বাভাবিক নিরাপত্তা বলয়ের বাইরে ছিল, যা কালের পরিক্রমায় জলদস্যু এবং ডাকাতদের অভয়ারণ্য হয়ে ওঠে।
২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত সাঁড়াশি অভিযানের মাধ্যমে জলদস্যু ও ডাকাতদের সম্পূর্ণ নির্মূল করে চরটির নিরাপত্তা নিশ্চিত করা হয়।
অভিযানে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০১ পদাতিক ব্রিগেডের ১০ ই বেঙ্গল, ৫৬ ই বেঙ্গল এবং ছয় বীর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ডাকাতদের আস্তানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। একই দিনে স্বর্ণদ্বীপে সেনা মোতায়েন করা হয়, যা আজ অবধি চলমান রয়েছে। এরপর প্রাথমিকভাবে ১৫ আগস্ট ২০১৩ এবং পরবর্তীতে ১৪ নভেম্বর ২০১৩ তারিখে ভূমি মন্ত্রণালয় কর্তৃক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটিকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।