উন্নয়নের নামে বৃক্ষনিধন
চিঠি পত্র।
ads


প্রশস্ত সড়ক, বহুতল ভবন ও শিল্পকারখানা নির্মাণের আড়ালে নির্বিচারে বৃক্ষনিধন আমাদের পরিবেশকে ক্রমেই বিপন্ন করছে। অথচ প্রকৃতি ধ্বংস করে যে উন্নয়ন, তা কখনো টেকসই হতে পারে না।
২০২২ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ১৯৮৯ থেকে ২০২০ সালের মধ্যে ঢাকা মহানগর এলাকায় মোট উদ্ভিদ আচ্ছাদন কমেছে ৫৬ শতাংশ। একই সময়ে সুস্থ সবুজ আচ্ছাদন ১৭ শতাংশ থেকে নেমে এসেছে মাত্র ২ শতাংশে। নগরায়নের চাপে হারিয়ে যাচ্ছে আমাদের সবুজ আশ্রয়।
বৃক্ষ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো ও বৃষ্টির পানি মাটিতে প্রবেশে সহায়তা করে। গাছ কমে গেলে কংক্রিটের বিস্তার নগরকে আরো উত্তপ্ত করে তোলে। বাড়ে জলাবদ্ধতা ও দূষণজনিত স্বাস্থ্যঝুঁকি। বনভূমি ধ্বংসের ফলে বন্য প্রাণীর আবাসস্থল বিলুপ্ত হয়, ব্যাহত হয় জীববৈচিত্র্য। এর পরিণতি ভোগ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।
উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় জরুরি। প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত প্রভাব বিবেচনা, বিকল্প নকশায় গাছ রক্ষা এবং অনিবার্য ক্ষেত্রে উপযুক্ত স্থানে নতুন গাছ রোপণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বনভূমি সংরক্ষণ ও পরিবেশবিষয়ক আইন কার্যকর করা প্রয়োজন।
প্রকৃতি রক্ষার দায়িত্ব সরকার ও নাগরিক-সবার। একটি গাছ কাটা মানে শুধু সবুজ হারানো নয়, ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেয়া। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস নয়, প্রকৃতির সাথে সহাবস্থানই হোক আমাদের অঙ্গীকার।
শামীমা আফরিন
শিক্ষার্থী, আরবি বিভাগ 
ঢাকা বিশ্ববিদ্যালয়