
- ঋণ নবায়ন ও সুদ মওকুফেও কাজ হচ্ছে না
- সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের পরামর্শ
- দরকার কঠোর ব্যবস্থা ও জবাবদিহির পরিবেশ
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন আর শুধু ব্যাংকের আর্থিক সঙ্কট নয়, এটি সামগ্রিক অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক অঙ্গনে ভাবমর্যাদার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ঋণ পুনঃতফসিল, ঋণ নবায়ন, সুদ মওকুফ কিংবা এককালীন ঋণ পরিশোধের সুযোগ দিয়েও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং বিভিন্ন সময়ে এসব সুবিধা দেয়ার পরও খেলাপি ঋণের পাহাড় বড় হচ্ছে। ফলে প্রচলিত পদ্ধতিতে আর কাজ হবে না বলে মনে করছেন অর্থনীতি ও ব্যাংকিং খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, এখন প্রয়োজন খেলাপি ঋণ ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তন, স্বতন্ত্র সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গঠন, ঋণখেলাপিদের দায় নির্ধারণ এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করা।
বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর প্রান্তিক পরিসংখ্যান অনুযায়ী, মাত্র তিন মাসে ব্যাংক খাতে শ্রেণীকৃত ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৫০ কোটি টাকা। একই সময়ে ব্যাংকগুলোর মোট ঋণের স্থিতি বেড়েছে প্রায় পাঁচ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ, নতুন ঋণ বিতরণ ও ঋণের প্রবৃদ্ধির তুলনায় খেলাপি ঋণ বৃদ্ধির গতি কয়েক গুণ বেশি। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ ২৭ হাজার ৪০০ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে বড় অংশই মন্দ বা আদায় অযোগ্য ঋণ। প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, খেলাপি ঋণের প্রায় ৯৩ শতাংশ এই শ্রেণীর।
এই চিত্রের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ব্যাংক থেকে অর্থ বেরিয়ে যাচ্ছে, কিন্তু উৎপাদনশীল বিনিয়োগে তার যথাযথ প্রতিফলন ঘটছে না। অন্যদিকে খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। এতে মুনাফা কমছে, মূলধন দুর্বল হচ্ছে এবং নতুন ঋণ দেয়ার সক্ষমতা সঙ্কুচিত হচ্ছে। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থাগুলোর কাছেও দেশের ব্যাংকিং খাতের ঝুঁকির চিত্র নেতিবাচক বার্তা দিচ্ছে। এর প্রভাব পড়তে পারে বিদেশী বিনিয়োগ, বৈদেশিক ঋণের ব্যয় এবং দেশের সামগ্রিক ক্রেডিট রেটিংয়ে।
বিশ্বের অভিজ্ঞতা : শুধু পুনঃতফসিল নয়, ব্যবস্থা বদল
বিভিন্ন দেশ ব্যাংকিং খাতে বড় ধরনের খেলাপি ঋণ সঙ্কট মোকাবেলা করেছে। তবে তাদের অভিজ্ঞতা বলছে, শুধু ঋণ পুনঃতফসিল বা সুদ মওকুফ করে সমস্যার সমাধান হয় না। বরং খেলাপি ঋণ ব্যাংকের হিসাব থেকে আলাদা করা, প্রকৃত ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং অকার্যকর প্রতিষ্ঠানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া জরুরি।
দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। ১৯৯৭ সালের এশীয় আর্থিক সঙ্কটের পর দেশটির ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ব্যাপকভাবে বেড়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় সরকার কোরিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট করপোরেশন (ক্যামকো) গঠন করে। প্রতিষ্ঠানটি ব্যাংকগুলোর কাছ থেকে ছাড়মূল্যে খেলাপি ঋণ কিনে নেয়। পরে ঋণগ্রহীতার সম্পদ, জামানত ও ব্যবসার সম্ভাবনা যাচাই করে ঋণ আদায়, পুনর্গঠন, সম্পদ বিক্রি এবং বিনিয়োগকারীদের কাছে ঋণ হস্তান্তরের উদ্যোগ নেয়। একই সাথে অকার্যকর ব্যাংকগুলোকে পুনর্গঠন, দুর্বল ব্যাংক একীভূতকরণ এবং সক্ষম ব্যাংকে মূলধন জোগানের ব্যবস্থা করা হয়। ফলে ব্যাংকগুলো পুরনো অনাদায়ী ঋণের বোঝা কমিয়ে নতুন বিনিয়োগ ও ঋণ বিতরণে মনোযোগ দিতে পারে।
মালয়েশিয়াও ১৯৯৮ সালের সঙ্কটের পর তিনটি বিশেষ প্রতিষ্ঠান গড়ে তোলে। ডানাহার্তা খেলাপি ঋণ ও জামানত ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। ডানামোডাল দুর্বল ব্যাংকগুলোতে মূলধন জোগান ও পুনর্গঠনের কাজ করে। আর করপোরেট ডেট রিস্ট্রাকচারিং কমিটি (সিডিআরসি) ঋণদাতা ব্যাংক ও ঋণগ্রহীতাদের মধ্যে সমঝোতার মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়। এর ফলে যেসব প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে টিকে থাকার সক্ষমতা রাখে, তারা নতুন করে কার্যক্রম পরিচালনার সুযোগ পায়। অন্যদিকে ইচ্ছাকৃত খেলাপিদের জন্য কঠোর ব্যবস্থা রাখা হয়।
থাইল্যান্ডও ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে আদালতের বাইরে সমঝোতা, বিশেষায়িত ঋণ পুনর্গঠন কাঠামো এবং সম্পদ বিক্রির ব্যবস্থা চালু করে। দ্রুত ঋণ নিষ্পত্তির জন্য আইনগত কাঠামো শক্তিশালী করা হয়। জাপান ও সুইডেনের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। এসব দেশে ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা যাচাই করে টিকে থাকার সম্ভাবনা না থাকলে প্রতিষ্ঠানকে দেউলিয়া বা অবসায়নের আওতায় আনা হয়েছে। অর্থাৎ সেখানে ঋণখেলাপি হলেই নতুন করে সুবিধা দেয়ার নীতি অনুসরণ করা হয়নি।
বিশ্বব্যাংকের বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০২২ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিশ্লেষণেও বলা হয়েছে, ব্যাংকগুলোকে এককভাবে খেলাপি ঋণ কমানোর দায়িত্ব দিয়ে রাখলে অগ্রগতি ধীর হয়। এজন্য সরকার, কেন্দ্রীয় ব্যাংক, বিচার বিভাগ, ব্যাংক এবং বেসরকারি বিনিয়োগকারীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশের জন্য পৃথক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি : ব্যাংকারদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এবিবি সাবেক প্রেসিডেন্ট ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন, গত তিন মাসের চিত্র হতে দেখা যায়, যেখানে বিনিয়োগ বেড়েছে ছয় হাজার কোটি টাকা, সেখানে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার কোটি টাকা, যার মধ্যে বেশির ভাগই মন্দ ঋণ। এ থেকে প্রতীয়মান হয়, খেলাপি ঋণ কমানোর প্রচলিত পদ্ধতি তেমন কাজে আসছে না। এজন্য দরকার বিকল্প পদ্ধতি, বুক ক্লিন করার মতো উদ্যোগ। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর বিকল্প হতে পারে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার আদলে একটি স্বাধীন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) গঠন। এই প্রতিষ্ঠানের কাজ হবে ব্যাংকগুলোর বিপুল পরিমাণ মন্দঋণ নির্দিষ্ট মূল্যায়নপদ্ধতিতে কিনে নেয়া এবং পরবর্তী সময়ে সেগুলো আদায়, পুনর্গঠন কিংবা বিক্রির মাধ্যমে অর্থ উদ্ধার করা।
এ ক্ষেত্রে কয়েকটি বিষয় নিশ্চিত করা জরুরি। প্রথমত, কোনো ব্যাংক যেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের অনাদায়ী ঋণ সরকারি প্রতিষ্ঠানের কাছে অতিরিক্ত দামে বিক্রি করতে না পারে। দ্বিতীয়ত, ঋণ কেনার আগে স্বাধীন নিরীক্ষক দিয়ে ঋণ ও জামানতের প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে। তৃতীয়ত, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে সরকার, বাংলাদেশ ব্যাংক, পেশাদার ব্যাংকার, আইনজ্ঞ ও সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব থাকতে হবে। চতুর্থত, উদ্ধার করা অর্থের হিসাব এবং ঋণগ্রহীতাদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থার তথ্য নিয়মিত প্রকাশ করতে হবে।
এএমসি গঠনের অর্থ এই নয় যে ঋণখেলাপিদের দায় জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। বরং ব্যাংকের হিসাব পরিষ্কার করে প্রকৃত অর্থ উদ্ধার এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনাই হবে এর লক্ষ্য।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শিক্ষা নেয়ার সুযোগ রয়েছে। তার বিশ্লেষণে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অর্থঋণ আদালতের কার্যকারিতা বৃদ্ধি, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং ব্যাংকিং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ঋণখেলাপিদের প্রথমেই দুই ভাগে ভাগ করতে হবে। এক শ্রেণীতে থাকবেন প্রকৃত ব্যবসায়ী, যারা বৈশ্বিক মন্দা, জ্বালানি সঙ্কট, কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলার সঙ্কট কিংবা অন্য কোনো অনিবার্য কারণে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছেন। অন্য শ্রেণীতে থাকবেন ইচ্ছাকৃত ঋণখেলাপি, যারা রাজনৈতিক যোগাযোগ, প্রভাব কিংবা ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ঋণ নিয়ে অর্থ অন্যত্র সরিয়ে নিয়েছেন।
প্রথম শ্রেণীর ব্যবসায়ীদের জন্য ব্যবসার সম্ভাবনা বিবেচনায় নিয়ে ঋণ পুনর্গঠন, নতুন বিনিয়োগকারী যুক্ত করা, ঋণের বিপরীতে ইকুইটি প্রদান কিংবা ব্যবসায়িক অংশীদার পরিবর্তনের সুযোগ রাখা যেতে পারে। প্রয়োজনে ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে আদালতের বাইরে সমঝোতার ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর ঋণখেলাপিদের ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ ছাড় দেয়া যাবে না। তাদের সম্পদ শনাক্ত, বিদেশে পাচার করা অর্থ অনুসন্ধান, জামানত বাজেয়াপ্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
অর্থঋণ আদালতে বিশেষ বেঞ্চ ও সময়সীমা : খেলাপি ঋণ আদায়ের অন্যতম বড় বাধা দীর্ঘসূত্রতা। অর্থঋণ আদালতে বছরের পর বছর মামলা ঝুলে থাকায় ব্যাংকগুলো জামানত বিক্রি কিংবা অর্থ উদ্ধার করতে পারে না। অনেক ক্ষেত্রে মামলার নিষ্পত্তির আগেই জামানতের মূল্য কমে যায় বা সম্পদ হাতছাড়া হয়ে যায়। এ পরিস্থিতিতে অর্থঋণ আদালতে বিশেষ বেঞ্চ গঠন, ডিজিটাল মামলা ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। জামানত হস্তান্তর ও বিক্রির প্রক্রিয়া সহজ করতে হবে। পাশাপাশি ঋণখেলাপিরা যাতে সম্পদ অন্যের নামে স্থানান্তর করতে না পারেন, সে জন্য আদালতের মাধ্যমে দ্রুত সম্পদ জব্দের ব্যবস্থা থাকতে হবে।
তবে প্রকৃত ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসা সচল রাখার স্বার্থে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতার সুযোগ রাখা জরুরি। কারণ, একটি কারখানা বন্ধ হলে শুধু ব্যাংকের অর্থ আটকে থাকে না, শ্রমিকের কর্মসংস্থানও নষ্ট হয়।
ব্যাংক পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে : বিশেষজ্ঞদের মতে, খেলাপি ঋণের জন্য শুধু ঋণগ্রহীতাকে দায়ী করলে চলবে না। যেসব ব্যাংক পরিচালক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ঋণ অনুমোদনকারী কর্মকর্তা নিয়মনীতি উপেক্ষা করে ঋণ দিয়েছেন, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। বড় অঙ্কের ঋণ অনুমোদনে একক সিদ্ধান্তের পরিবর্তে স্বাধীন ক্রেডিট কমিটি, ঝুঁকি মূল্যায়ন এবং ঋণগ্রহীতার প্রকৃত মালিকানা যাচাই বাধ্যতামূলক করতে হবে। একই ব্যক্তি বা গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে সীমা অতিক্রমের সুযোগ বন্ধ করতে হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদে পেশাদার ও স্বাধীন সদস্যদের ভূমিকা বাড়াতে হবে।
বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থাও আরো শক্তিশালী করা প্রয়োজন। নিয়মিত অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের মাধ্যমে ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ, জামানতের মূল্য এবং মূলধনের ঘাটতি নিরূপণ করতে হবে। দুর্বল ব্যাংকের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী একীভূতকরণ, পুনর্গঠন কিংবা অবসায়নের ব্যবস্থা নিতে হবে।
সরকারের জন্য জরুরি ৭টি পদক্ষেপ : বিশ্লেষকরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের জন্য কয়েকটি উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এক. আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য খেলাপি ঋণ কমানোর একটি জাতীয় রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রতিটি ব্যাংকের জন্য পৃথক আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা প্রকাশ করতে হবে। দুই. আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে স্বাধীন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন করতে হবে। তবে এ প্রতিষ্ঠানের কার্যক্রম হতে হবে স্বচ্ছ, নিরীক্ষাযোগ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত। তিন. ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাতে হবে। তাদের দেশীয় ও বিদেশে থাকা সম্পদ শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সাথে ঋণ জালিয়াতির সাথে জড়িত ব্যাংক কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনতে হবে। চার. প্রকৃত ব্যবসায়ীদের জন্য ব্যবসা পুনরুজ্জীবনের সুযোগ রাখতে হবে। ঋণকে ইকুইটিতে রূপান্তর, নতুন উদ্যোক্তার অংশগ্রহণ এবং ব্যবসা পুনর্গঠনের সুযোগ দিতে হবে। তবে সুবিধা পাওয়ার শর্ত হিসেবে নিয়মিত কিস্তি পরিশোধ বাধ্যতামূলক করতে হবে। পাঁচ. ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে সব বড় ঋণ, ঋণ অনুমোদনকারী কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা এবং খেলাপি হওয়ার কারণ নিয়ে কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি করতে হবে। ব্যক্তিগত ও বাণিজ্যিক গোপনীয়তা রক্ষা করে বড় ঋণের ঝুঁকি ও আদায়ের অগ্রগতি প্রকাশ করতে হবে। ছয়. ব্যাংক পুনর্গঠন ও মূলধন ঘাটতি পূরণের ক্ষেত্রে শর্তযুক্ত সহায়তা দিতে হবে। সরকারি অর্থ দিয়ে দুর্বল ব্যাংককে বাঁচানো হলে পরিচালনা পর্ষদ পরিবর্তন, জবাবদিহি এবং নির্দিষ্ট সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পেতে হবে। সাত. খেলাপি ঋণ কমানোর পাশাপাশি বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, বন্দরসেবা, করব্যবস্থা, নীতির ধারাবাহিকতা এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে হবে। কারণ, নতুন বিনিয়োগ না বাড়লে ঋণ আদায় ও ব্যাংকের আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারও কঠিন হবে।
বিনিয়োগ ফিরিয়ে আনাই হবে সংস্কারের চূড়ান্ত লক্ষ্য : বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের মধ্যবর্তী মুদ্রানীতি বিবৃতিতে খেলাপি ঋণ মোকাবেলায় ঝুঁকিভিত্তিক তদারকি, ব্যাংকভিত্তিক সম্পদের মান যাচাই, বিশেষায়িত ঋণ আদায় ইউনিট এবং অর্থঋণ আদালতের কার্যক্রম ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। একই সাথে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএএস) অনুসারে ২০২৭ সালের মধ্যে সম্ভাব্য ঋণক্ষতি হিসাবের নতুন পদ্ধতি চালুর লক্ষ্য রয়েছে। আইএমএফও বাংলাদেশের ব্যাংকিং খাত সংস্কারে একটি সমন্বিত সরকারি কৌশল, দুর্বল ব্যাংকের পুনর্গঠন, স্বচ্ছতা, মূলধন ঘাটতি নিরূপণ এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শও এখন সাময়িক ছাড়ের পরিবর্তে কাঠামোগত সংস্কারের দিকে।
সংশ্লিষ্টদের মতে, খেলাপি ঋণ কমানোর সাফল্য শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করলে হবে না। ব্যাংকে প্রকৃত অর্থ ফেরত আসছে কি না, নতুন উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন কি না, শিল্পকারখানায় বিনিয়োগ বাড়ছে কি না এবং ব্যাংকগুলোর মুনাফা ও মূলধন পরিস্থিতির উন্নতি হচ্ছে কি না, সেগুলোও বিবেচনায় নিতে হবে।
সবচেয়ে বড় কথা, ঋণখেলাপি হওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। ঋণ নিয়ে পরিশোধ না করার প্রবণতা যদি অপরাধ হিসেবে বিবেচিত না হয়, তা হলে কোনো পুনঃতফসিল বা সুদ মওকুফ নীতিই কার্যকর হবে না। আবার প্রকৃত ব্যবসায়ীকে অযথা হয়রানি করলেও বিনিয়োগ বাড়বে না।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সামনে এখন দু’টি কাজ- একদিকে অতীতের অনাদায়ী ঋণ উদ্ধার ও ব্যাংকিং খাতের ক্ষত সারানো, অন্য দিকে ভবিষ্যতে যাতে নতুন করে খেলাপি ঋণ তৈরি না হয়, সে ব্যবস্থা গড়ে তোলা। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের অভিজ্ঞতা অনুসরণ করে রাজনৈতিক সদিচ্ছা, কঠোর আইন প্রয়োগ, স্বাধীন সম্পদ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা গেলে এই সঙ্কট থেকে বেরিয়ে আসা সম্ভব। অন্যথায় খেলাপি ঋণের বোঝা শুধু ব্যাংকের মুনাফাই কমাবে না, দেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও দীর্ঘদিন আটকে রাখবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









