
টঙ্গীতে গ্যাসের আগুনে দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীতে বসতঘরে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আগুন থেকে বাঁচতে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করার সময় তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মনিরা আক্তার (৩০), তার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম (২৬)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পশ্চিম দাঁড়াইল এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন বসতবাড়ির একটি ঘরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম সোমবার সকালে জানান, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গাজীপুর মহানগর প্রতিনিধি।
চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ শুরু
কুমিল্লার চৌদ্দগ্রামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম ২০২৬-২৭ শুরু হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিনা মমতাজ। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও নেতারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। নিজের ধান নিজে বিক্রি করতে কৃষক অ্যাপসে নিবন্ধন বা আবেদন করতে হবে। এ বছর প্রতি কেজি ৩৫ টাকা ও প্রতি মণ এক হাজার ৪০০ টাকা দরে প্রত্যেক কৃষক থেকে তিন মেট্রিকটন ধান ক্রয় করবে সরকার। ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, কৃষকরা নিয়মতান্ত্রিকভাবে আবেদন করে ন্যায্যমূল্যে সরকারের কাছে উৎপাদিত ধান বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে কৃষি ও খাদ্য বিভাগ সব ধরনের সহযোগিতা দেবে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা।
বিনামূল্যে বীজ-সার বিতরণ
গাইবান্ধার ফুলছড়িতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ৪৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার ও উপজেলা প্রকৌশলী তৌহিদুল করিম। কর্মসূচির আওতায় সরিষা, চীনাবাদাম, অড়হর ও সয়াবিন চাষের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হচ্ছে। ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা।
দুদক কার্যালয়ে পেট্রলবোমা
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের বারান্দায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটলেও কোনো অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ কাপড়ে ঢেকে কয়েকজন স্লোগান দিয়ে বোমা নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে, তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ইকবাল হোসেন জানান, গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় আগুন ধরলেও কিছুক্ষণ পর নিভে যায়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। কিশোরগঞ্জ প্রতিনিধি।
কলেজছাত্রের আত্মহত্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোহান (২১) নামের এক কলেজছাত্র। গত রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজের কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা।
অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুরে লাশটি দেখতে পান স্থানীয়রা। জানা গেছে, ভোরে দোকানে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি পুকুরে লাশটি ভাসতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয় কয়েকজনের ধারণা, আগের দিন পুকুরের আশপাশে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাওয়া এক নারী তিনি হতে পারেন। লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাত্যা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









