ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট
ads

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা 

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা (৫৫) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা তার নাক, কানে থাকা স্বর্ণালঙ্কার লুট করে। গতকাল মঙ্গলবার সকালে মোকামতলার শংকরপুর মাস্টারপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমিজা ওই গ্রামের মরহুম জিন্না মিয়ার স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, সোমবার রাতে খাবার খেয়ে আমিজা নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তিনি দোকানে না আসায় স্বজন ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। 
একপর্যায়ে স্বজনরা দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে খাটের ওপর তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।