
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে দ্বীপ চন্দ্র শীল (২২) নামে এক কলেজছাত্রকে জোর করে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে পিটিয়ে নির্যাতন করা হয় বলে দাবি করেছেন ওই শিক্ষার্থী। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপত্তাহীনতায় আত্মগোপনে রয়েছেন তিনি।
গত সোমবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের মুন্সেফপাড়া সড়ক থেকে তাকে তুলে নিয়ে পটুয়াখালী সরকারি কলেজের ভেতরে মসজিদসংলগ্ন এলাকায় নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন দ্বীপ। তিনি ওই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দ্বীপ চন্দ্র শীলের ভাষ্য, কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে তাকে তুলে নেয়। পরে কলেজের ভেতরে মসজিদের কাছে নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। প্রায় ২০ মিনিট ধরে মারধরের পর তাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলা হয়। এ ঘটনায় ১২ থেকে ১৫ জন যুবক অংশ নেন বলে দাবি তার।
দ্বীপের অভিযোগ, নির্যাতনে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে তার কলেজের এক সহপাঠীসহ সবাই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









