
মুহিব্বুল্লাহ বচ্চন পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদরাসার বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত সময়ের অন্তত তিন দিন আগেই ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই এসব প্রশ্ন ছড়িয়ে পড়লেও অধিকাংশ প্রতিষ্ঠান সেই প্রশ্ন দিয়েই পরীক্ষা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও পাঠদান যাচাই করতে প্রতিষ্ঠানের নিজস্ব তৈরি প্রশ্নে পরীক্ষা নেয়ার কথা থাকলেও পাকুন্দিয়ায় হাতেগোনা দু-একটি মাদরাসা ছাড়া অধিকাংশই তা মানছে না। অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রকাশনা সংস্থার বিনা মূল্যে দেয়া প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা নিচ্ছে মাদরাসাগুলো, যা পরীক্ষার আগেই বাইরে ছড়িয়ে পড়ছে।
সরেজমিন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে দেখা গেছে, নির্ধারিত তারিখের আগেই এসব প্রশ্ন পাওয়া যাচ্ছে। একটি মাদরাসার অষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষা ১৯ নভেম্বর নির্ধারিত থাকলেও ১৭ নভেম্বরই ফেসবুকে হুবহু প্রশ্ন পাওয়া গেছে। মুনিয়ারীকান্দা দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুল হালিম বলেন, প্রকাশনা প্রতিষ্ঠানের বই পাঠ্য করার চুক্তির আওতায় তারা বিনা মূল্যে প্রশ্ন পেয়ে থাকেন; তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন নিজেদের প্রশ্ন তৈরির বিষয়ে ভাবতে হচ্ছে। তারাকান্দি ফাজিল মাদরাসার অধ্যক্ষ সাইদুর রহমান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নিজস্ব প্রশ্নেই পরীক্ষা নিচ্ছি।
লেকচার প্রকাশনীর কিশোরগঞ্জ জেলার বিক্রয় প্রতিনিধি মোস্তফা কামাল বলেন, অনুদান হিসেবে বিনা মূল্যে প্রতিষ্ঠানগুলোতে প্রশ্ন দেয়া হলেও একটি অসাধু চক্র তা ফাঁস করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে পুস্তক প্রকাশনীর মান ক্ষুণœ হচ্ছে। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া বলেন, শিক্ষকদের নিজেদের প্রশ্ন প্রণয়নের নির্দেশনা ও একাধিক সতর্কতা সত্ত্বেও অনেক মাদরাসা প্রকাশনার প্রশ্ন ব্যবহার করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একাধিকবার সতর্ক করলেও তারা তা মানছে না। প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









