
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের কুমরিয়ান গ্রামের ৭৫ বছর বয়সী প্রবীণ ইন্দ্রজিৎ দে একসময় গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শিশু-কিশোরদের প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন। গৃহশিক্ষকতার সামান্য আয়ই ছিল তার জীবনের ভরসা। কিন্তু বয়সের ভার, শারীরিক অসুস্থতা এবং আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় জীবনের শেষ প্রান্তে এসে স্ত্রী স্বর্ণা রানীকে নিয়ে চরম অভাব-অনটন আর মানবেতর পরিবেশে দিন কাটাচ্ছেন তিনি।
বাবা-মায়ের মৃত্যুর পর রেখে যাওয়া সামান্য জমির ওপর ভাঙাচোরা জরাজীর্ণ টিনের ঘরে তাদের বসবাস। ঘরের চাল ও বেড়ার নানা জায়গা ভেঙে যাওয়ায় পলিথিন টানিয়ে রোদ-বৃষ্টি আটকানোর চেষ্টা করছেন এই বৃদ্ধ দম্পতি। সামান্য বৃষ্টিতেই ঘরে পানি ঢুকে পড়ে এবং দিনের বেলাতেও পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকার পরিবেশেই থাকতে হয়। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে একসময়কার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ।
ইন্দ্রজিৎ দে জানান, মেয়েকে বিয়ে দেয়ার পর মেয়ে-জামাই কিংবা শ্বশুরবাড়ির স্বজনরা মাঝেমধ্যে চাল-ডাল ও সামান্য টাকা দিয়ে সহায়তা করেন। এ ছাড়া বাড়ির আঙিনায় থাকা কয়েকটি সুপারি ও অন্যান্য গাছই তাদের আয়ের একমাত্র অবলম্বন। অনেক সময় অর্ধাহারে-অনাহারে থাকতে হয়; অসুস্থ হলেও অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারি না। সারা জীবন মানুষের সন্তানদের পড়িয়েছি। লেখাপড়া শিখেও নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।
এ বিষয়ে কাউখালী ইউএনও রেহেনা আক্তার জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের জন্য স্থায়ীভাবে কিছু করার উদ্যোগ নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









