কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগ
ads

রুহুল আমিন সৌরভ কালীগঞ্জ (ঝিনাইদহ)

১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন পরিচ্ছন্নতাকর্মী সন্তোষ কুমার। অথচ সম্প্রতি জানতে পারেন, তার নামে বিল-ভাউচার তৈরি করে ৩০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ দেখিয়ে তার স্বাক্ষর জাল করে এ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে এ অভিযোগের সত্যতাও মিলেছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতের বরাদ্দ ব্যয়ে ব্যাপক অনিয়ম করেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। এর মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মনিহারি সামগ্রী, স্ট্যাম্প ও সিল, অফিস সরঞ্জাম, সেপটিক ট্যাংক পরিষ্কার, আসবাবপত্র ক্রয় ও মেরামত এবং কম্পিউটার মেরামতসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয়ের হিসাব দেখানো হয়েছে। এসব খাতে কয়েক লাখ টাকা ব্যয়ের হিসাব থাকলেও প্রকৃত ব্যয় ও কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ অনুযায়ী, হিসাবরক্ষক আব্দুল আজিজ দায়িত্বে থাকলেও তাকে দিয়ে হিসাব-সংক্রান্ত কাজ না করিয়ে পরিসংখ্যানবিদ মাইনুর ইসলামকে দিয়ে এসব কাজ করানো হয়। তিনি প্রায় ১২ বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন।
গত ১৫ নভেম্বর দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহামুদের নেতৃত্বে একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়। অভিযানে হিসাবরক্ষক পদে আব্দুল আজিজ কর্মরত থাকলেও পরিসংখ্যানবিদ মাইনুর ইসলামকে দিয়ে হিসাবরক্ষকের কাজ করানোর তথ্য পায় দুদক। এ বিষয়ে হিসাবরক্ষক আব্দুল আজিজের কাছ থেকে লিখিত বক্তব্যও নেয়া হয়। এ ছাড়া অবসরপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মীর নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রায় ৩০ হাজার টাকা উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানকালে সরকারি ওষুধ রোগীরা যথাযথভাবে পাচ্ছেন কি না, তা যাচাই করতে বিভিন্ন নথি সংগ্রহ ও রোগীদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা। রোগীদের খাবারের মান নিয়েও অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরের খাবারের তালিকায় রুই মাছ থাকার কথা থাকলেও সরবরাহ করা হয়েছে অন্য মাছ বলে জানা গেছে।
এদিকে গত ৬ সেপ্টেম্বর কালীগঞ্জের বারবাজারে নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। পরদিন উপজেলা প্রশাসন ক্লিনিকটি সিলগালা করে দেয়। অভিযোগ রয়েছে, সিলগালা করার ২১ দিন পর প্রায় তিন লাখ টাকার বিনিময়ে ক্লিনিকটি পুনরায় খুলে দেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন ডা. আমানউল্লাহ আল মামুন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগেও বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০২২ সালের ১৩ জুন বরিশালের বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকাকালে অনিয়মের অভিযোগে স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করেন। সে সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়। বিভিন্ন বিল-ভাউচারে ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ঘুষ নেয়ার অভিযোগও ওঠে। পরে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তিনি ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়িত্ব পালন করেন। সেখানেও অনিয়মের অভিযোগের পর তাকে বরিশালের মঠবাড়িয়ায় বদলি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আব্দুল আজিজ বলেন, ২০২৬ সালের জুনে তিনি হিসাবরক্ষক হিসেবে যোগদান করেন। কিন্তু স্বাস্থ্য কর্মকর্তা তাকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে হিসাব-সংক্রান্ত কাজ করান।
অবসরপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মী সন্তোষ কুমার বলেন, ‘১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছি। এখন শুনছি, আমার নামে ৩০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। আমার স্বাক্ষর জাল করে এ টাকা তোলা হয়েছে। এর সাথে আমি কোনোভাবেই জড়িত নই।’
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো: কামরুজ্জামান বলেন, দুদকের তদন্তে যেসব অনিয়মের তথ্য পাওয়া গেছে, সেগুলো প্রতিবেদন আকারে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হবে। স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ স্বাস্থ্য বিভাগ কোনোভাবেই মেনে নেবে না।