
আ ফ ম নূরুল কাদের কুষ্টিয়া
কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বিলের মাঠে প্রায় ৭০০ বিঘা জমিতে জলাবদ্ধতা দেখা দেয়ায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। একই জমিতে আগাম বপন করা মসুর, সরিষা ও মটরসহ বিভিন্ন রবিশস্যের বীজও পানির নিচে তলিয়ে গেছে। এতে পাকা ধান নষ্ট হওয়ার পাশাপাশি পরবর্তী ফসল উৎপাদনের অনিশ্চয়তায় বিপাকে পড়েছেন চাষিরা।
খসড়া প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে টানা তিন দিনের বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় ধান কাটার কাজ বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও পানিতে ডুবে ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা; আবার পানি সরতে না পারায় নতুন করে রবিশস্য চাষের সুযোগও মিলছে না।
হরিপুরের কৃষক আবদুস সাত্তার শেখ বলেন, ১৩ বিঘা ধান লাগিয়েছিলাম কিন্তু পাকা ধান কাটতে পারছি না। জমিতে পানি। এখানকার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘ দিন ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর সাথে রবিশস্যের আগাম বীজ ফেলে আরো ক্ষতিগ্রস্ত হয়েছি। নূর আলম রনি জানান, আনন্দে মাঠে ধান ঘরে তোলার মুহূর্তে গত সপ্তাহের বৃষ্টিতে পুরো বিল পানিতে নিমজ্জিত হয়েছে। মাঠে পাকা ধান থাকলেও পানির কারণে চাষিরা ধান কাটতে পারছেন না এবং এখানে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছে বলে দাবি তার।
রফিকুল ইসলাম বলেন, ব্যাংকের ঋণ নিয়ে ধান লাগিয়েছি। আবার আগাম বীজ ফেলে আরো বিপাকে পড়েছি। জানি না ভাগ্যে কী আছে? দ্রুত পানি নিষ্কাশনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্থানীয়দের দাবি, হরিপুর বিলের এই জলাবদ্ধতা প্রায় ৫০ বছর ধরে বর্ষা ও অতিবৃষ্টিতে এ মাঠে পানি জমে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আগে সরু পাইপের মাধ্যমে বিলের পানি পদ্মা নদীতে নিষ্কাশনের ব্যবস্থা ছিল; কিন্তু পানি প্রবাহের পথের আশপাশে ঘরবাড়ি নির্মাণসহ নানা কারণে সেই নিষ্কাশন ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে। খাল, নালা ও পানি প্রবাহের পথ সচল করা গেলে অতিবৃষ্টির পানি দ্রুত পদ্মায় সরানো সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।
হরিপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা সাম্মী আক্তার বলেন, ধানের এখন ক্ষতি হয়নি, তবে পানি নিষ্কাশনে বিলম্বিত হলে চাষিরা ক্ষতির মধ্যে পড়বে। স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়ার বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং যারা আগাম বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কৃষি প্রণোদনার বীজ দেয়ার বিষয়ে চেষ্টা করা হবে।
স্থানীয় বাসিন্দা হাজি বজলুর রহমান বলেন, পরিকল্পিতভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা করা হলে ১০ মিনিটের মধ্যে বিলের পানি সম্পূর্ণ নিষ্কাষণ সম্ভব। তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। হরিপুর ইউপি চেয়ারম্যান এম মুস্তাক আহমেদ মাসুদ বলেন, বহুবার চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি। ছোট পরিসরে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, সেটি এখন দখলদারিত্বের কারণে বন্ধ হয়ে পড়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









