
জাহাঙ্গীর আলম হোসেনপুর (কিশোরগঞ্জ)
সময়ের পরিক্রমায় বদলে গেছে চার পাশের পরিবেশ, বদলেছে জনপদের চিত্র। কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাগপাড়া গ্রামের প্রায় ২৬৫ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ। মোগল আমলের স্থাপত্যশৈলীতে নির্মিত এ মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় নয়, স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ নিদর্শন। কয়েক দফা সংস্কারের পর নতুন রূপ পেলেও এর প্রাচীন স্থাপত্যের বৈশিষ্ট্য এখনো দর্শনার্থীদের আকৃষ্ট করে।
মসজিদ প্রাঙ্গণে সংরক্ষিত শিলালিপি ও স্থানীয় ইতিহাসবিদদের তথ্যানুযায়ী, মসজিদটি মোগল আমলে নির্মিত। পরবর্তী সময়ে হিজরি ১২১৯ সালের দিকে এটি পুনর্নির্মাণ করা হয়। স্থানীয় ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী, সুদূর ইরাক থেকে আসা ধর্মপ্রচারক শেখ মুহাম্মদ শামছুদ্দিন হোসেনশাহী পরগনার বর্তমান হোসেনপুর উপজেলার বাগপাড়া এলাকায় বসতি স্থাপন করেন। পরে তার দুই ছেলে শেখ আদম ও শেখ আলম মসজিদটি নির্মাণ করেন বলে জনশ্রুতি রয়েছে। সে সময় হোসেনপুরসহ আশপাশের এলাকায় ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মসজিদটি ব্যবহৃত হতো বলে স্থানীয়দের ধারণা।
সরেজমিন দেখা যায়, মসজিদটির দেয়াল প্রায় তিন ফুট পুরু। ছাদের ওপরের অংশ গোলাকার। চুন, ইট ও আখের লালির সংমিশ্রণে তৈরি হয়েছিল দেয়ালের গাঁথুনি। আয়তনে ছোট হলেও ইমামসহ একসাথে প্রায় ১৮ থেকে ২০ জন মুসল্লি তিন কাতারে নামাজ আদায় করতে পারেন।
স্থানীয় প্রবীণ মুসল্লিরা জানান, মসজিদটির বয়স ২৬৫ বছরের বেশি। সময়ের প্রয়োজনে এবং মুসল্লিদের সংখ্যা বাড়ায় এলাকাবাসীর উদ্যোগে সম্প্রতি মসজিদটির কিছুটা সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে। ভেতরে টাইলস লাগানো এবং বাইরের দেয়ালে রঙ করা হয়েছে। এতে মসজিদটি নতুন রূপ পেয়েছে। তবে সংস্কারের পাশাপাশি এর ঐতিহাসিক স্থাপত্য ও নির্মাণশৈলী সংরক্ষণের প্রয়োজনীয়তাও রয়েছে।
শাহেদল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, কবি মাজহারুল ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নবী হোসেন জানান, মসজিদটির প্রতি স্থানীয় মানুষের আগ্রহ বাড়ছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এটি দেখতে আসেন।
স্থানীয় ইতিহাসবিদ ও হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আবদুল হাকিম বলেন, আশির দশকের শেষ দিকে শিক্ষার্থী থাকাবস্থায় তিনি শিক্ষক ও সহপাঠীদের সাথে মসজিদটি পরিদর্শন করেন। পরবর্তী সময়ে বহুবার সেখানে গেছেন। এ স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।
হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও সমাজকর্মী মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সংস্কারের ফলে মসজিদটি নতুন রূপ পেয়েছে। এটি তরুণ প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহী করার পাশাপাশি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন বলেন, ঐতিহাসিক এ স্থাপনাকে দেশ-বিদেশে পরিচিত করতে প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি।
স্থানীয়দের মতে, যথাযথ প্রতœতাত্ত্বিক জরিপ, ইতিহাসের তথ্য যাচাই ও সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ করা গেলে গোল মসজিদটি হোসেনপুরের অন্যতম ঐতিহাসিক পর্যটন আকর্ষণ হয়ে উঠতে পারে। এতে আগামী প্রজন্মের জন্যও সংরক্ষিত থাকবে কয়েক শতাব্দীর পুরনো ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









