যুব ঋণের সঠিক ব্যবহার কর্মসংস্থানে ভূমিকা রাখবে : প্রতিমন্ত্রী
পবায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেন যুব প্রতিমন্ত্রী আমিনুল হক : নয়া দিগন্ত।
ads

রাজশাহী ব্যুরো

পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামার সম্প্রসারণ ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ প্রযুক্তির মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈবসার উৎপাদন করে কৃষিকাজে ব্যবহারের সুযোগ রয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিন উপজেলার ১০ উদ্যোক্তা ও খামারির মধ্যে ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে বড়গাছি ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি হয়। যুব উন্নয়ন অধিদফতর রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। অন্যদিকে যুব ঋণের সঠিক ব্যবহার খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
যুব উন্নয়ন অধিদফতর রাজশাহীর উপপরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। যুব উন্নয়ন কর্মকর্তা এম এম এন জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস প্রকৌশলী মাহাফুজুর ইসলাম।