নাচোলে আ’লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির শোডাউন
নাচোলে আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে বিএনপির সমাবেশ : নয়া দিগন্ত।
ads

 নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত সোমবার বিকেল ৪টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড় থেকে শোডাউনটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো: আমিনুল ইসলামের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিএনপি নেতা মো: মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। তিনি আওয়ামী লীগের কোনো তৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি অপরাধীদের প্রচলিত আইনে বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব মো: দুরুল হুদা। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ পুরনো কৌশলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।