বরগুনায় নদীর তলদেশে ভাঙন, পাউবোর বাঁধে ধস
বরগুনার তেঁতুলবাড়িয়ার নলবুনিয়া এলাকার পাউবো বাঁধে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা : নয়া দিগন্ত।
ads

গোলাম কিবরিয়া বরগুনা

বরগুনার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদ্য সংস্কারকৃত বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের ৫৯০ মিটারের মধ্যে প্রায় ১২০ মিটার অংশ পানির ঘূর্ণাবর্ত ও নদীর তলদেশে ভাঙনের কারণে বাঁধ ধসে পায়রা নদীতে চলে যাচ্ছে। এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বড় একটি অংশে ফাটল দেখা দিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন জোয়ারের পানির চাপে যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবোর আওতায় তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজে মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ বাস্তবায়ন করা হয়। এক কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা চুক্তিমূল্যের এসব কাজ বাস্তবায়ন করে মেসার্স আর.এস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। গত ২১ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শেষ হয়। খসড়া অনুযায়ী, ৫৯০ মিটারের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে দু’টি প্যাকেজের কাজ সম্পন্ন করে মেসার্স পপুলার কনস্ট্রাকশন; এ ছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরে তিনটি প্যাকেজের কাজ করে মেসার্স আর এস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। মূলত চলতি অর্থবছরের দু’টি প্যাকেজের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটিতে ফাটল ধরেছে।
সরজমিনে দেখা যায়, সংস্কারের অল্প সময়ের মধ্যেই পায়রা নদীর ভাঙন রোধে প্লেসিং করা জিও ব্যাগ ও পাইপলিং করা বেড়িবাঁধের চলতি বছরে সংস্কার করা অংশ নদীতে ধসে পড়ছে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটারজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও মাটি সরে গিয়ে ভেতরের অংশ বেরিয়ে এসেছে। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত ভাঙন রোধে স্থায়ী সমাধান না হলে জনপদ ও ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, কাজ চলাকালীন বেড়িবাঁধ থেকে নদী বেশ দূরে ছিল। 
সামুদ্রিক নি¤œচাপজনিত উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে যাতে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত না হয়, সেজন্য বাঁধের স্লোপ জিও ব্যাগ দিয়ে আচ্ছাদন করে দেয়া হয়েছিল। বর্তমানে ওই স্থানে নদীর তলদেশে ভাঙন শুরু হয়েছে। এটি ঠেকাতে নদীতে জিও ব্যাগ ও ব্লক ফেলা প্রয়োজন, কিন্তু এ মুহূর্তে প্রয়োজনীয় বাজেট নেই। তবে ওইসব এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্প প্রস্তাবনা দাখিল করা হয়েছে।