নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)। সংগৃহীত
ads

নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়লেও কাজের অগ্রগতি হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার আবেদন করতে পারবেন বলেও উল্লেখ করেন আখতার আহমেদ।
 
ইসি সচিব বলেন, কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।
  
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো: সাইফুল ইসলাম বলেন, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তার আবেদনটি বাতিল করা হবে। 

তবে এতে এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন। কারণ, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। 

সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ইসিতে ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি এনআইডি সংশোধন আবেদনের করা হয়েছে। এরমধ্যে নিষ্পত্তির অপেক্ষমাণ রয়েছে এক লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন। বাকি সব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বাসস