
নিজস্ব প্রতিবেদক
গত ২৫ বছরে দেশে ৬,৮১৫ জন নারী যৌতুক সহিংসতার শিকার হয়েছেন। যার মধ্যে ৩,৭৪৮ জন নারীকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। ২,৭৮৭ জন বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন এবং যৌতুক সহিংতার নিপীড়ন সহ্য করতে না পেরে ২৮০ জন নারী আত্মহত্যা করেছেন। এই সময়ের মধ্যে ২১,৬২৭ জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ১১,৭১৫ জন মেয়ে শিশু এবং ৯,৫০৯ জন নারী। বয়স জানা হয়নি এমন ভুক্তভোগী নারীর সংখ্যা ৪০৩ জন। যৌন হয়রানির (উত্ত্যক্তকরণ) শিকার হয়েছেন ৩,৫০৩ জন নারী ও মেয়ে শিশু। এ ছাড়া নারীর ওপর সংঘটিত যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ৯৭০ জন পুরুষ এবং ২২৫ জন নারী আক্রমণের শিকার হন।
গতকাল মঙ্গলবার নারীর প্রতি সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় মানবাধিকার সংগঠন অধিকার এই তথ্য উপস্থাপন করে। সেখানে ২০০১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত করা জরিপে রিপোর্ট পেশ করা হয়। অধিকারের পরিচালক (অ্যাডভোকেসি) তাসকিন ফাহমিনার সঞ্চালনায় বক্তব্য রাখেন নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুননাহার, নারী গ্রন্থপ্রবর্তনার সীমাদাস সীমু, নাজমুন নাহার এমপি, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, উবিনীগের লাবনী মণ্ডল, সোমবারের আড্ডার নিগার সুলতানা, তামাকবিরোধী নারী জোটের সৌরভী সরকার প্রমুখ।
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার আরেকটি ক্রমবর্ধমান ক্ষেত্র হলো ডিজিটাল বা অনলাইন সহিংসতা। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উদ্দেশে অশালীন মন্তব্য, যৌন হয়রানি, ধর্ষণের হুমকি, ব্যক্তিগত ছবি ও তথ্য অনুমতি ছাড়া প্রকাশ, ছবি বিকৃত করে প্রচার, ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং পরিকল্পিত অপপ্রচারের মাধ্যমে নারীদের সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয় করার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্বদানকারী নারীরা তাদের মতামত প্রকাশ ও জনপরিসরে সক্রিয় ভূমিকা পালনের কারণে অনলাইন হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন। এসব আক্রমণের উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই নারীদের কণ্ঠরোধ করা, তাদের সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণœ করা এবং জনপরিসরে নারীর অংশগ্রহণ নিরুৎসাহিত করা। অনলাইন সহিংসতা কেবল ভার্চুয়াল জগতের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি নারীর ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারকেও ক্ষতিগ্রস্ত করে।
তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে নারীদের এই সক্রিয় অংশগ্রহণ তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকার চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। তবে আন্দোলনে অংশগ্রহণকারী নারী এবং পরবর্তীকালে জনপরিসরে দৃশ্যমান হয়ে ওঠা নারী নেতৃত্বের অনেকেই অনলাইন হয়রানি, ধর্ষণের হুমকি, বিকৃত ছবি ও ভিডিও প্রচার এবং ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের শিকার হয়েছেন। নারীর রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হলে তাদের মতপ্রকাশ, সংগঠিত হওয়া এবং নেতৃত্ব প্রদানের অধিকার অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই সুরক্ষিত করতে হবে।
এ ছাড়া গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের দীর্ঘদিনের সংগ্রামও নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের আলোচনায় বিশেষ গুরুত্বের দাবি রাখে। পরিবারের উপার্জনক্ষম সদস্য গুমের শিকার হওয়ার পর স্ত্রী, মা ও কন্যাসন্তানদের অনেকেই দীর্ঘস্থায়ী আর্থিক সঙ্কট, সামাজিক অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে জীবন অতিবাহিত করছেন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের এসব নারীর অর্থনৈতিক, সামাজিক, আইনি ও মনোসামাজিক সুরক্ষা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।
অনুষ্ঠানে অধিকার কয়েকটি দাবি পেশ করে। এর মধ্যে রয়েছে, নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। নারীদের অনলাইন ও ডিজিটাল মাধ্যমে হয়রানি প্রতিরোধে কার্যকর প্রতিরোধমূলক ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও আন্দোলনকারীদের অনলাইন নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গুমের শিকার ব্যক্তিদের নারী পরিবারের সদস্যদের জন্য আর্থিক, সামাজিক, আইনি ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে হবে। নারী-পুরুষের সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে বৈষম্যমূলক আইন ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সহিংসতার শিকার নারীদের সুরক্ষায় দেশব্যাপী বিদ্যমান প্রতিরোধ ও সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এর আওতায় আশ্রয়কেন্দ্র, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি, হটলাইন সেবা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সহায়তা ও সচেতনতামূলক উদ্যোগ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাদের দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করতে হবে।
আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশকে নারীর প্রতি সব বৈষম্য বিলোপ সনদ (ঈঊউঅড)-এর ২ নম্বর অনুচ্ছেদ এবং ১৬(১)(গ) নম্বর উপ-অনুচ্ছেদের ওপর থেকে সংরক্ষণ প্রত্যাহার করতে হবে। একই সাথে সনদের বিধান অনুযায়ী দেশের প্রচলিত আইনগুলোর প্রয়োজনীয় সংস্কার ও সমন্বয় নিশ্চিত করতে হবে। অধিকার মনে করে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের দায়িত্ব শুধু ভুক্তভোগী নারীর নয়, বরং রাষ্ট্র ও সমাজের প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









