ডেঙ্গু ও হাম উপসর্গে আরো ১৩ জনের মৃত্যু
ads

নয়া দিগন্ত ডেস্ক
দেশে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯ জন এবং ডেঙ্গুতে চারজন মারা গেছেন। এ ছাড়া হাম ও উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৪৫ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হামও ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের ২৩ দিনে মারা গেছেন ১০৬ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর হাসপাতালে মোট ভর্তি হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৮৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭০ হাজার ৬০০ জন।
এ দিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে এক হাজার ৩৯৬১ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনেরর। বাকি এক হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গে। আর গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল দুই লাখ ৮৫ হাজার ৪৯০ জন। তাদের মধ্যে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৫৯ হাজার ১৯০ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জন। এ সময়ে হাম ও উপসর্গে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন দুই লাখ ৩১ হাজার ৯৯৯ শিশু। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দুই লাখ ২৩ হাজার ১৫৮ জন।
সিলেটে আরো ৩ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে হামের উপসর্গে ফের তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। এ ছাড়া নতুন শনাক্ত হয়েছে পাঁচজন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৬৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫০ জন। গতকাল এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক বছর দুই মাসের মুনতাহা জান্নাত ফারিহা সুনামগঞ্জের ছাতক, ৯ মাসের বর্ষণ সুনামগঞ্জের দোয়ারাবাজার এবং এক বছরের প্রিয়নশী দাস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ২২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ২২৫ জন এবং নিশ্চিত হামে তিনজন মারা গেছে।