
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির পর স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের বহিষ্কৃত ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন গুলিবিদ্ধসহ সাত থেকে আটজন আহত হয়েছেন এবং আগুনে আটটি মোটরসাইকেল ও কয়েকটি পবিত্র কুরআন পুড়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবদল ও বিএনপির লোকজন জামায়াত নেতাদের বাড়িতে আগুন দেন এবং ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে বিভিন্ন মোড়ে পাহারা বসিয়ে এ তাণ্ডব চালানো হয়। ওসি অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে সুরক্ষা দিচ্ছেন দাবি করে মঞ্জুরুল ইসলাম দ্রুত ওসির পরিবর্তন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এ সময় পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এস এম সোহেল ও উপজেলা আমির মো: সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকদের সাথে নদীপথের আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। পাশাপাশি বালুর ব্যবসা নিয়ে পিন্টুর অনুসারীদের সাথে স্থানীয় জামায়াত নেতাকর্মীদেরও দ্বন্দ্ব ছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় পিন্টুর ভাই ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মেহেদী হাসানের অনুসারী ছাত্রদল নেতাকর্মীরা কাঁকন বাহিনীর বিরুদ্ধে মিছিল বের করলে সংঘর্ষ ও গোলাগুলি বাধে।
এতে গুলিবিদ্ধ হন পূর্ব টেংরি এলাকার মিজান খাঁ (২২), শেরশাহ রোডের রিফাত (২৬), তছের পাড়ার মহিদুল (২৫), ঈদগাহ রোডের রিশাদ (২৮) ও শৈলপাড়ার রবিউল (২৬)। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দিকে রাতে মাঝদিয়া মধ্য খাঁ পাড়ার সাবেক ইউপি সদস্য ছুমির উদ্দিন খান, নুরুল আলম খান, নুর ইসলাম খান ও রঙ্গিলা মোড় এলাকার শফি মণ্ডলের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক খান বলেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে অত্যন্ত চতুরতার সাথে তাদের বাড়িঘরে আগুন দিয়েছেন। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান অভিযোগ করেন, মেহেদীর নেতৃত্বে বাড়িঘর পুড়িয়ে স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে এবং এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস চালানো হচ্ছে।
তবে পিন্টুর সমর্থকদের দাবি, আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় কাঁকন বাহিনী ও জামায়াত নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত গুলি চালালে কয়েকজন গুলিবিদ্ধ হন। অভিযুক্ত মেহেদী হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ দিকে জামায়াত নেতাদের অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পিন্টুর অনুসারীরা।
ঈশ্বরদী থানার ওসি মো: আশাদুর রহমান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









