বদলির প্রত্যাশায় হাজারো শিক্ষক সংসার ভাঙছে অনেকের
ads

 শাহেদ মতিউর রহমান 
রেহানা পারভিনের বাড়ি ফরিদপুর। গণিতের শিক্ষক। চাকরির কারণে থাকতে হয় বাড়ি থেকে ৬০ কিলোমিটার দূরে। অথচ তার স্বামীর কর্মস্থল ফরিদপুরেই। নিজ জেলা এবং সংসার থেকে অনেক দূরে  থেকেই তাকে শিক্ষকতা করতে হচ্ছে। সংসারে তার অশান্তি। চাকরি ছেড়ে দেয়ার জন্যও চাপ আছে। এখন সংসার ভাঙার উপক্রম। পারভিনের মতো এমন অনেক উদাহরণ রয়েছে সারা দেশেই। যদিও বেসরকারি এই শিক্ষকদের বদলির জন্য আবেদন অনলাইনে  জমা নেয়ার পর সাড়ে তিন মাসেও বদলির ফলাফল প্রকাশ হয়নি। ফলে বদলিপ্রত্যাশী শিক্ষকদের মধ্যে ক্ষোভ আর হতাশা দুটোই বাড়ছে। এরমধ্যে নারী শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তারা জোটবদ্ধ হয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার কর্মসূচিও ঘোষণা করেছে।
এ দিকে বেসরকারি শিক্ষকদের বদলির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার  কমিটির সভা শেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছ। পরে এ-সংক্রান্ত সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়। বদলিপ্রত্যাশী শিক্ষকদের অনেকেই  জানান, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় শেষ হয় এবং এতে সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে। নারী শিক্ষকদের অভিযোগ, নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করার কারণে তাদের পারিবারিক জীবনে সঙ্কট এবং  নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। শিক্ষকদের অভিযোগ বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অভাবে তা আটকে আছে। 
সংসদীয় কমিটিতে আলোচনায় বলা হয়, অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে গেছে, অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এসব বিষয় বিবেচনা করে জরুরি ভিত্তিতে একটি নারী শিক্ষকবান্ধব বদলি নীতি প্রণয়নের উপর গুরুত্বারোপ করা হয় সভায়। এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা জানিয়েছেন, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাভুক্ত নয়। বদলি ও অন্যান্য বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) করে থাকে। অবশ্য এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রণালয়ে একটি বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর হতে সফটওয়্যার এর মাধ্যমে বদলি নীতিমালা কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মাউশি হতে বদলিসংক্রান্ত একটি সফটওয়্যার প্রণয়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষকদের বদলির বিষয়টি মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তবে নানা ধরনের জটিলতার কারণে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি কিভাবে সমাধান করা যায় তা নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে।
আন্দোলনের ঘোষণা দেয়া একাধিক নারী শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালনের কথা রয়েছে। বদলির ফল প্রকাশ না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। কয়েকজন নারী শিক্ষক নয়া দিগন্তকে জানান, বদলির ফল প্রকাশ না হওয়ায়  আমাদের (নারী শিক্ষকদের) সংসার ভেঙে যাচ্ছে। নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরির কারণে নিজেদের নিরাপত্তাহীনতায়ও ভুগতে হচ্ছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় আমরণ অনশন কর্মসূচি ছাড়া বিকল্প কোনো পথ নেই।  সাজেদা আক্তার নামে এক শিক্ষক বলেন, অনেক আশা নিয়ে বদলির জন্য আবেদন করেছিলাম, পরিবার নিয়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু বদলি রেজাল্ট না হলে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া ছাড়া কোনো উপায় নাই। মো: মিনহাজুল নামে আরেক শিক্ষক বলেন, বেসরকারি শিক্ষকদের কোনো কিছুই আন্দোলন ছাড়া দেয়া হয়নি। বদলির ফলাফলের বিষয়টিও আন্দোলনের মাধ্যমেই আদায় করতে হবে বলে মনে হচ্ছে। আমরা রাজপথে যেতে চাই না, নিজ বাড়ির কাছাকাছি ফিরতে চাই। শিক্ষা মন্ত্রণালয় আমাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে।