ডিসেম্বর ঘিরে নিরাপত্তায় সরকারের নানা পরিকল্পনা
ads

জিলানী মিলটন 
ডিসেম্বর ঘিরে দেশের নিরাপত্তায় নানা পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই ঘোষণা ঘিরে রাজনৈতিক সংঘাত ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তার ছক এঁকেছে সরকার। সীমান্তে নজরদারি জোরদার, বিজিবি মোতায়েন, আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদের আগাম শনাক্ত, শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয়ে নজরদারি এবং নাশকতা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় তার অধীনস্থ বাহিনীগুলোকে এ সংক্রান্তে ব্যবস্থা নিতে বিশেষ চিঠি দিয়েছে। যদিও এর মধ্যেই গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 
পুলিশ সদর দফতর সূত্র জানায়, শুধু শেখ হাসিনা নয়, যেকোনো অপরাধীর অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর সাথে পুলিশ কাজ করছে। সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনী ও সংস্থার সাথেও সমন্বয় করা হচ্ছে। জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। 
পুলিশ সদর দফতর সূত্র জানায়, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি ও চেকপোস্ট জোরদারের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। নিষিদ্ধ সংগঠন বা রাজনৈতিক দলের কেউ নাশকতা কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে গত ১৬ নভেম্বর এ-সংক্রান্ত একটি জরুরি প্রতিবেদন পাঠানো হয়। পরদিন ১৭ নভেম্বর পুলিশ সদর দফতরও বিভিন্ন ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। সোমবার দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বর্তমানে সাত জেলায় ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি দুই জেলায় আরো চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে। 
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। চলতি বছরের জুলাইয়ে রয়টার্সকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। 
আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথাও জানান। পরে ৫ আগস্ট নয়াদিল্লির এক অনুষ্ঠানে আবারো ডিসেম্বরেই ফেরার কথা বললেও দিনক্ষণ জানাননি। গোয়েন্দা সংস্থার আশঙ্কা, তার ফেরার ঘোষণা কেন্দ্র করে ডিসেম্বরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। পাল্টাপাল্টি সমাবেশ, বিক্ষোভ, সংঘর্ষ, অবরোধ ও নাশকতার ঝুঁকিও রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 
বিজিবি সদর দফতর সূত্র বলছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সেই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি জানায়, সোমবার বিজিবি ময়মনসিংহ সেক্টরের অধীনে মোট ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়ন দিন-রাত নিরলসভাবে কাজ করছে। প্রতিটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এই সেক্টরে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ৩০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন এবং থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। এ ছাড়া আরো ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহলের জন্য এটিভিসহ বিশেষ যান ব্যবহার করা হচ্ছে। প্রতিটি বিওপি থেকে দিনে ও রাতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহল দল সীমান্ত সুরক্ষায় কাজ করছে। 
বিজিবি জানায়, অবৈধ প্রবেশ ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত চেকপোস্ট, বিশেষ টহল ও সড়কে প্রতিবন্ধকতা বসানো হয়েছে। ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন, থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার ও সার্চলাইট। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সুযোগ দেয়া হবে না। 
গোয়েন্দা সুপারিশে বলা হয়েছে, ১০ নভেম্বর থেকে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় বিজিবি মোতায়েনের প্রস্তাব দেয়া হয়। ২০ নভেম্বর থেকে সব জেলায় বিজিবি মোতায়েনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা, মহানগর ও পুলিশ ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা করতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর স্থান চিহ্নিত করে নজরদারি বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদের আগাম শনাক্ত করার ওপরও জোর দেয়া হয়েছে। 
প্রতিবেদনে বলা হয়েছে, নাশকতা, অবরোধ, মিছিল কিংবা সমাবেশের মাধ্যমে কেউ পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে আগেই তা শনাক্ত করতে হবে। আইন অনুযায়ী আগাম ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ-সমর্থিত বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ও এনজিওতে কর্মরত ব্যক্তিদের পিসিপিআর যাচাই এবং এসব প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নেয়া ব্যক্তিদেরও যাচাইয়ের সুপারিশ করা হয়েছে। দলটির সহযোগী সংগঠন ও সমর্থিত প্রতিষ্ঠানের সন্দেহজনক কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। 
শিল্পাঞ্চলেও বাড়তি সতর্কতার নির্দেশনা রয়েছে। শ্রমিক অসন্তোষের সুযোগে নাশকতার আশঙ্কায় মিরপুর, পল্লবী, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাশিমপুর, ভোগড়া বাইপাস, আশুলিয়া ও সাভারকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। শিল্প পুলিশ, থানা পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতির কথা উল্লেখ করে গোয়েন্দা প্রতিবেদনে ক্যাম্পাসের রাজনৈতিক তৎপরতা পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছে।