
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বঙ্গোপসাগরীয় সমুদ্রসীমায় গ্যাস হাইড্রেটের সম্ভাবনা অনুসন্ধান ও মূল্যায়নে সমন্বিত গবেষণা উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। এ সম্পদ ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এর প্রকৃত উপস্থিতি, মজুদ, উত্তোলন প্রযুক্তি, অর্থনৈতিক লাভজনকতা ও পরিবেশগত ঝুঁকি নিরূপণে আরো বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। এ লক্ষ্যে দেশী-বিদেশী গবেষক, বিশ্ববিদ্যালয়, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে একটি গবেষণা সেল গঠনের উদ্যোগ নেয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গতকাল বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) আয়োজিত ‘বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস হাইড্রেট : সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালায় এসব বিষয় উঠে আসে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো: জিয়াউল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের মহাপরিচালক রফিকুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদফতরের উপপরিচালক ড. মো: বজলার রশিদ।
বিশেষজ্ঞ আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম জিওলজি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল হোসেন। এ ছাড়া বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিজ্ঞানী, ভূতত্ত্ববিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: জিয়াউল হক বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার ও টেকসই উন্নয়নে সমুদ্রের ভূতাত্ত্বিক সম্পদ অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস হাইড্রেটের সম্ভাব্য উপস্থিতি জ্বালানি সম্পদ অনুসন্ধানে নতুন গবেষণার ক্ষেত্র তৈরি করতে পারে। তবে সম্ভাবনার কথা বিবেচনা করে এখনই এর মজুদ বা বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
তিনি বলেন, গ্যাস হাইড্রেট মূলত নির্দিষ্ট তাপমাত্রা ও উচ্চচাপের পরিবেশে পানির অণুর কাঠামোর মধ্যে আবদ্ধ গ্যাস, যার প্রধান উপাদান মিথেন। সমুদ্রের গভীর তলদেশে ও নির্দিষ্ট ভূতাত্ত্বিক পরিবেশে এ ধরনের গ্যাস হাইড্রেট গঠিত হতে পারে। বিশ্বের বিভিন্ন সমুদ্রাঞ্চলে এ সম্পদ নিয়ে গবেষণা চলছে। ভবিষ্যতে এটি জ্বালানি উৎস হিসেবে ব্যবহারের সম্ভাবনা থাকলেও নিরাপদ ও কার্যকর উত্তোলন এখনো বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ।
কর্মশালায় বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস হাইড্রেটের সম্ভাবনা নিয়ে বিদ্যমান তথ্য-উপাত্ত, গবেষণার ফলাফল এবং ভবিষ্যৎ অনুসন্ধানের কৌশল পর্যালোচনা করা হয়। এ ক্ষেত্রে আধুনিক ভূতাত্ত্বিক, ভূভৌত ও ভূরাসায়নিক গবেষণা, সামুদ্রিক জরিপ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।
তারা বলেন, গ্যাস হাইড্রেটের সম্ভাব্য অবস্থান শনাক্ত করা, ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ, সম্পদের পরিমাণ নিরূপণ এবং উত্তোলনযোগ্যতা যাচাই করতে দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। একই সাথে উত্তোলনের সময় সমুদ্রতলের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা, মিথেন নিঃসরণের ঝুঁকি ও সামুদ্রিক পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিতে হবে।
গবেষণা ও মূল্যায়ন কার্যক্রমকে আরো কার্যকর এবং বিজ্ঞানভিত্তিক করতে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের নেতৃত্বে একটি গবেষণা সেল গঠনের প্রস্তাব গুরুত্ব পায়। এ গবেষণা সেলে দেশী-বিদেশী গবেষক, বিশ্ববিদ্যালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের যুক্ত করে সমন্বিত কর্মপরিকল্পনা নেয়ার বিষয়ে আলোচনা হয়। এতে গবেষণার তথ্য বিনিময়, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস হাইড্রেট নিয়ে গবেষণার ক্ষেত্রে সামুদ্রিক জরিপ, আধুনিক ভূভৌত তথ্য বিশ্লেষণ, নমুনা সংগ্রহ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা জোরদার করলে এ খাতে বাংলাদেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়তে পারে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে গ্যাস হাইড্রেট অনুসন্ধান, মূল্যায়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। তারা বলেন, বঙ্গোপসাগরে গ্যাস হাইড্রেটের সম্ভাবনা যাচাইয়ে এখনই সমন্বিত গবেষণা কার্যক্রম শুরু করা জরুরি। এ ক্ষেত্রে ধারাবাহিক তথ্য সংগ্রহ, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাস্তবভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের সামুদ্রিক জ্বালানি সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
হাইড্রেট অর্থ হলো পানির অণুর সঙ্গে অন্য কোনো পদার্থের যুক্ত বা আবদ্ধ হওয়া। সহজভাবে বললে, গ্যাস হাইড্রেট নিজে কোনো যন্ত্রের মতো কাজ করে না; এটি প্রকৃতিতে গ্যাস, বিশেষ করে মিথেন, সংরক্ষিত থাকার একটি বিশেষ অবস্থা। ভবিষ্যতে এটি জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









