খাদ্যগুদামের ধারণক্ষমতা ৩০ লাখ টনে উন্নীত করার উদ্যোগ
ads

সংসদ প্রতিবেদক
খাদ্যশস্যের মজুদ সক্ষমতা বাড়ানো, খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণে অনিয়ম কমানো এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন কঠোর করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। একই সাথে নিরাপদ খাদ্য আইন সংশোধন করে গুরুতর অনিয়মের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা এবং আদায় করা অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে দেয়ার প্রস্তাব করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো: আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী, কমিটির সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো: আবু তালেব মণ্ডল, মো: আব্দুল করিম ও শামছুন্নাহার বেগমসহ সংশ্লিষ্ট  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে খাদ্যগুদামের ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুরনো ও ব্যবহারের অনুপযোগী গুদাম চিহ্নিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। কমিটির পক্ষ থেকে সারা দেশে বিদ্যমান খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করা হয়। যেসব গুদাম দীর্ঘদিনের পুরনো এবং ব্যবহার উপযোগিতা হারিয়েছে, সেগুলো সরেজমিন পরিদর্শন করে বাতিল করার পরামর্শ দেয়া হয়। প্রয়োজনে সেখানে নতুন গুদাম নির্মাণের কথাও বলা হয়।
খাদ্যগুদামে সংরক্ষিত শস্যের মান বজায় রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। গুদামে পোকামাকড়ের আক্রমণ নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহের ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি গুদামে মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের পরামর্শ দেয়া হয়। নতুন খাদ্যগুদাম নির্মাণে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টিও পর্যালোচনা করছে মন্ত্রণালয়।
বৈঠকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ফেরাতে ডিলার নিয়োগের নীতিমালা সংশোধনের তথ্য জানানো হয়। আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান ছিল। সংশোধিত নীতিমালায় এখন প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে। এর ফলে চাল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম কমবে বলে আশা করা হচ্ছে।
তৈরী পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালুর বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে গত ১৩ নভেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় প্রত্যেক শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারছেন।
প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি করা হচ্ছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন সংশোধনের প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে অভিযোগের ভিত্তিতে অথবা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে গুরুতর বিচ্যুতি উদঘাটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনধিক ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপের বিধান রাখার কথা বলা হয়েছে। জরিমানার অর্থ আদায় হলে তার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেয়ার প্রস্তাবও রয়েছে। বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। একই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরো কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন তিনি।
কমিটির সভাপতি মো: আবদুস সালাম পিন্টু বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে।
তিনি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জনগণ, দেশ ও জাতির কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।