কাউখালীতে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ads

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেতুর পিরোজপুর প্রান্ত থেকে দু’টি মোটরসাইকেল কাউখালীর দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা মালামাল পরিবহনের একটি দ্রুতগতির ট্রলি একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দু’টিকে ধাক্কা দেয় এতে মোটরসাইকেল দু’টি দুমড়েমুচড়ে যায়। তবে ঘটনার পর ট্রলিটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।
নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে সান্তনু রায় শান্ত (২৩), কেউন্দিয়া গ্রামের বাবর মাঝির ছেলে সুনান মাঝি (নবম শ্রেণীর ছাত্র) এবং একই গ্রামের বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)। সাজিদ ও সুনান সম্পর্কে খালাতো ভাই। সাজিদ কাউখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সুনান কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং শান্ত পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিলেন।