বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেফতার : শামা ওবায়েদ
ads

 নয়া দিগন্ত ডেস্ক
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার আইন নেই।
মঙ্গলবার সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথাগুলো বলেন শামা ওবায়েদ। শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে এলে গ্রেফতার করা হবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট (তাৎক্ষণিক গ্রেফতার) করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারো সাথে বাংলাদেশ সরকারের হয় নাই। ক্লিয়ার?’
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাহাত্তরের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট, অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না।’
বিদেশে প্রতিটি মিশন বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে।’