চট্টগ্রামে বাসা থেকে কলেজশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
ads

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে চন্দ্রা শর্মা (৩৬) নামে এক কলেজশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গত সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশী জাকির হোসেন সোসাইটির একটি ভবনের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
জানা গেছে, ৩৫তম বিসিএসে তিনি শিক্ষা ক্যাডারে যোগ দেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপকের দায়িত্বে ছিলেন। তার স্বামী মলয় কান্তি শর্মা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
খুলশী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বাসায় শুধু স্বামী-স্ত্রী থাকতেন। তাদের কোনো সন্তান নেই। সেদিন রাতে স্বামী বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে বেডরুমের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।